সংখ্যালঘুদের ৩৬টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত সাতক্ষীরা সদর, দেবহাটা, আশাশুনি, কালীগঞ্জ ও তালা উপজেলায় হিন্দুদের ৩৬টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে দুর্বৃত্তরা। আক্রান্ত পরিবারগুলোর সদস্যরা এসব ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন। তবে জেলা জামায়াতের আমির এসব ঘটনার অধিকাংশের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পর্ক নেই বলে দাবি করে বলেন, ছাত্রলীগ-যুবলীগ এসব কর্মকাণ্ড ঘটিয়ে জামায়াতকে দোষারোপ করছে।
প্রত্যক্ষদর্শী, আক্রান্ত পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, হামলা ও ভাঙচুর করার পর অধিকাংশ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। লুটপাটে বাধা দেওয়ায় শুক্রবার রাতে অমল কুমার সমাজদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। অধিকাংশ পরিবারই সর্বস্বান্ত হয়েছে। ভয় ও আতঙ্কে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন।
মুক্তিযোদ্ধা কেশব সমাজদারের ছেলে সাতক্ষীরা সদর উপজেলার নারানজোল গ্রামের অমল সমাজদার জানান, বৃহস্পতিবার রাতে তাঁর দোতলা ভবনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি এখন নিঃস্বপ্রায়। একই কথা বলেন দেবহাটা উপজেলার গাজীরহাটের মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ। তাঁরও দোতলা বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
গ্রামবাসী জানান, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোপাল ঘোষালের বাড়ি ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়। একই দিন তাঁর ভাতিজা শ্যামল ঘোষালের মিলঘর ভাঙচুর এবং আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস আচার্যের বাড়িতে হামলা চালানো হয়। বর্তমানে তাঁরা আত্মগোপনে রয়েছেন। একইভাবে তাপসের কাকা সুজিত কুমার আচার্যের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কুমার ঘোষের বাড়ি ও মন্দির পুড়িয়ে দেওয়া হয়। কৃষ্ণনগর বাজারে দিবাকর অধিকারীর ফলের দোকান ও উত্তম হালদারের চায়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়।
আবাদের হাটের কার্তিক চন্দ্র সাধুর হার্ডওয়্যারের দোকানের মালামাল লুট করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই হাটের অমিত ঘোষালের ওষুধের দোকানে হামলা করে আসবাব ভাঙচুর করা হয়। অমিত কুমার দাসের কীটনাশকের দোকানের মালামাল, কার্তিক চন্দ্র দাসের চায়ের দোকান লুটপাট ও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। একই এলাকার পালপাড়ার মিলন সরকার ও তিলক সরকারের বাড়ির মালামাল লুটপাট করে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। শ্যামল রায়, বিকাশ রায় ও অনুকূল রায়ের বাড়ি লুটপাট ও ভাঙচুর এবং গোদাঘাটা গ্রামের বিভূতি সরকারের বাড়ির মালামাল লুট করে আগুন দেওয়া হয়। শিয়ালডাঙ্গা গ্রামের নবকুমার মজুমদারের বাড়ি লুটপাট করে আগুন দেওয়া হয়। একইভাবে ইদ্রজিৎ মজুমদারের ধানের গাদা পুড়িয়ে দেয়। ব্যাংকদাহ বাজারের উজ্জ্বল সরদারের মুদি দোকান, তরুণ ঢালীর মুঠোফোনের দোকান ও নিমাই ঢালীর চায়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়।
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সোনা ব্যানার্জির স্মুমিতা কম্পিউটার, চন্দ্র দেবনাথের কাপড়ের দোকান, তরুণ ঘোষের টেইলার্স ও কাপড়ের দোকান, শোভনালির হরিদাস চক্রবর্তীর ধানের গাদায় আগুন দেওয়া হয়। বালিয়াপুরের ভূষণ সরকারের চিংড়িঘেরের চৌকিঘর ও সুপদ সরকারের ঘরের বেড়ায় আগুন লাগানো হয়।
শুক্রবার সকাল নয়টার দিকে দেবহাটার গাজীরহাটের মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের বাড়ি পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঈদগাহ বাজারে মিঠু সরকারের মুদি দোকান ও বিমল চৌধুরীর হার্ডওয়্যারের দোকান ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। রাতে আড়ুয়াখালি বাজারের ক্ষিতীশ বাছাড়ের মুদি দোকান ও স্বপন বাছাড়ের টেইলার্স লুটপাট করে আগুন দেওয়া হয়।
সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের নৌ কমান্ডার বিশ্বনাথ কর্মকার (৬৮) জানান, শুক্রবার রাত একটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর বাড়িতে ভাঙচুরের পর লুটপাট শুরু করলে তিনি বাধা দেন। এ সময় তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
গতকাল সকালে তালা উপজেলার খলিশখালি গ্রামের সজল কুণ্ডুর মিষ্টির দোকান ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁকে মারধরও করা হয়।
নাম না প্রকাশ করার শর্তে গ্রামের কয়েকজন জানান, বৃহস্পতিবার রাতে ঘটনার পর আগরদাড়ি ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় আতঙ্কে অনেক হিন্দু পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
আগরদাড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁর ইউনিয়নে হিন্দুদের ১৪-১৫টি বাড়ি অথবা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বেশ কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক বলেন, অধিকাংশ নাশকতা, লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই; বরং তাঁরা প্রতিরোধের উদ্যোগ নিয়েছেন। ছাত্রলীগ-যুবলীগ এসব কর্মকাণ্ড ঘটিয়ে জামায়াতকে দোষারোপ করছে।
দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর মোহামঞ্চদ মুঠোফোনে জানান, শনিবার রাতে উত্তর পারুলিয়া গ্রামের সুনীত সরকারের বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় একই গ্রামের আবদুর গফফারকে আটক করা হয়। তাঁর দাবি, গফফার আওয়ামী লীগের কর্মী। তবে দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস জানান, গফফারের কোনো দলীয় পরিচয় নেই।