সংখ্যালঘুর বাড়িতে হামলা, লুটপাট
নরসিংদী সরকারি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে হিন্দুবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বছরের জুনে নবীনবরণ অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সদস্য পশ্চিম ব্রাহ্মন্দী হিন্দুপাড়া এলাকার তুষার ভূইয়া ও বানিয়াছল এলাকার খোকন মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি হয়। ওই সময় তুষার ভূইয়া তাঁর সমর্থকদের নিয়ে খোকনের পক্ষের কয়েকজনকে কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় খোকন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা করেন। গতকাল বুধবার বেলা একটার দিকে খোকন ও তাঁর পক্ষের কয়েকজন কলেজে এলে তুষার ও তাঁর সমর্থকেরা আবারও তাঁদের ওপর হামলা চালান। এতে খোকন, মাহিন ও শাহজালাল আহত হন। এ ঘটনায় বিকেল পাঁচটার দিকে খোকন ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে তুষারের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে জানা গেছে। এ সময় ভাঙচুরে বাধা দেওয়ায় শংকর ভূইয়া ও স্বপন ভূইয়া নামে দুজনকে পিটিয়ে জখম করা হয়। তুষার পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার তুলসী ভূইয়ার ছেলে। তুলসী ভূইয়া স্থানীয় মদনমোহন বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক।
তুলসী ভূইয়া বলেন, ‘আমার ছেলের সঙ্গে কলেজে কার কী হয়েছে তার প্রভাব বাড়িতে এসে পড়ার ঘটনা দুঃখজনক। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটপাট করেছে।’ খোকন মিয়ার মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।