সংখ্যালঘুর বাড়িতে চেয়ারম্যান-সমর্থকদের তাণ্ডব, আহত ৫
ইউনিয়ন পরিষদের (ইউপি) বিজয়ী চেয়ারম্যানকে ভোট না দেওয়ায় তাঁর সমর্থকেরা এক সংখ্যালঘুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাঁও গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সংখ্যালঘু পরিবারের পক্ষে জয়দেব মণ্ডল গত শুক্রবার নড়িয়া থানায় মামলা করেছেন। মামলায় বিজয়ী চেয়ারম্যান আলমগীর হোসেনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে পুলিশ ওই দিনই গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার কেদারপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী চেয়ারম্যান আলমগীর হোসেনের সমর্থক মাসুদ ও মনির মালের নেতৃত্বে ৩৫-৪০ জন লোক রাত আটটায় পাঁচগাঁও গ্রামের হরিদাস মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে একটি টিনের ঘর ভাঙচুর করে। এ সময় তাঁরা হরিদাস মণ্ডল, তাঁর স্ত্রী পুষ্পরানী, ছেলে মহাদেব, জয়দেব ও মেয়ে মুক্তাকে (১৭) কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহত সবাইকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার মো. তালেবুর রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনাস্থলে যান। জয়দেব মণ্ডল অভিযোগ করেন, ‘আমরা আলমগীর মালকে ভোট দেইনি—এই অভিযোগ তুলে তার আত্মীয় মনির মাল ও মাসুদের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের বাড়ি ভাঙচুর করেছে। তারা আমাদের কুপিয়ে আহত করেছে।’ মাসুদ বলেন, ‘হামলার ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’ নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন দাবি করেন, ‘আমার কোনো সমর্থক তাদের ওপর হামলা করেনি। তারা নিজেরা এ ঘটনা ঘটিয়ে আমাদের ফাঁসাতে চাইছে। তাদের হামলায় আমার দুইজন কর্মী মারাত্মক আহত হয়েছে।’