সংখ্যালঘুর বাড়িতে যুবলীগ নেতার হামলার অভিযোগ
বরিশালের গৌরনদী পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর গ্রামে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, মন্দিরের প্রতিমা ভাঙচুর ও দুজনকে মারধর করা হয়েছে। ওই পরিবারের জমি দখলে নেওয়ার জন্য গত রোববার উপজেলা যুবলীগের সদস্য এস এম ফিরোজ রহমানের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার গৌরনদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মৃত রতন ভৌমিক দক্ষিণ বিজয়পুর মৌজার এসএ ২০৭ নম্বর খতিয়ানের ৫৩৬ ও ৫৩৭ নম্বর দাগের দুই একর ৭৭ শতক জমির মালিক। এই জমিতে একটি বাড়ি ও বাগান রয়েছে। রতন মারা যাওয়ার পর থেকে তাঁর শ্যালক সঞ্জীব সাহা ওই সম্পত্তি দেখাশোনা করছেন।
সঞ্জীব সাহা অভিযোগ করেন, কিছুদিন ধরে গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগের নেতা ফিরোজ রহমান ওই সম্পত্তির মালিকানা দাবি করে আসছেন। রোববার বিকেল পাঁচটার দিকে তিনি (ফিরোজ) ওই জমিতে দুটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। সাইনবোর্ডে ওই সম্পত্তির মালিক হিসেবে ফিরোজের নাম উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে সঞ্জীব সাহা ও রতন ভৌমিকের ফুফু মায়া রানী পোদ্দার সাইনবোর্ড দুটি খুলে ফেলে দেন। এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরোজ, তাঁর ছোট ভাই আমিন সরদারসহ সাত-আটজন রতন ভৌমিকদের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা মায়া রানী পোদ্দার ও তাঁর আত্মীয় তুলসী রানী সাহাকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা তাঁদের মন্দিরের একটি প্রতিমাও ভাঙচুর করেন।
ফিরোজ রহমান ওই জমিতে সাইনবোর্ড ঝোলানোর কথা স্বীকার করেছেন। তবে তিনি হামলা ও প্রতিমা ভাঙচুর করার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ক্রয়সূত্রে তাঁরা ওই সম্পত্তির মালিক। তাঁর বাবা খালেক সরদার ১৫ বছর আগে রতনের বাবার কাছ থেকে ওই সম্পত্তি কিনেছেন। সংখ্যালঘুর ওপর হামলার ঘটনার প্রচার চালিয়ে বাড়তি সুবিধা নিতে এ ঘটনা তারা (সংখ্যালঘুর পরিবার) নিজেরা ঘটিয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।