সংখ্যালঘুর সম্পত্তি দখল করলে ছাড় নয়: আশরাফ
সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রাজধানীর পলাশী মোড়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গতকাল শনিবার সৈয়দ আশরাফ এ কথা বলেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আজকে এখানে এসে কিছু বিষয় নিয়ে আমি ব্যথিত হয়েছি। বাংলাদেশের কোনো কোনো স্থানে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখল করা হয়েছে। এটা কিন্তু এই স্বাধীন বাংলাদেশে চলতে দিতে পারি না। প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন, যারা এসব কাজে লিপ্ত, তাদের ছাড় দেওয়া হবে না।’
বাংলাদেশ সব ধর্মের মানুষের উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এখানে ধর্ম বিভাজন করে লুটপাট করবেন, বাড়ি দখল করবেন, সম্পত্তি দখল করবেন—এটা শেখ হাসিনার রাজনীতি না। যারা কাপুরুষ, সংখ্যালঘুর ওপর আক্রমণ করে, তাদের বাংলাদেশের মাটিতে কোনো ঠাঁই হবে না।’
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য হাজি মো. সেলিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, আওয়ামী লীগের নেতা অসীম কুমার উকিল প্রমুখ।