২০১৬ সালে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, সেক্যুলার ব্লগার, বুদ্ধিজীবী ও বিদেশিদের ওপর দেশি এবং আন্তর্জাতিক উগ্রগোষ্ঠীর হামলা বেড়েছে। অবৈধভাবে সম্পত্তি দখল এবং মালিকানা বিরোধজনিত সমস্যা এখনো ব্যাপক; বিশেষ করে হিন্দু ও খ্রিষ্টান সংখ্যালঘুরা এর শিকার।
যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশন ইউএসসিআইআরএফের ২০১৬ সালের প্রতিবেদনে বাংলাদেশ অংশে এসব কথা বলা হয়েছে। ২৫ এপ্রিল প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশজুড়েই ভূমি দখলের ঘটনা একটি উদ্বেগের বিষয়। সম্পত্তি দখলের জন্যই মূলত সহিংস হামলা এবং অগ্নিকাণ্ডের বেশির ভাগ ঘটনা ঘটে। স্থানীয় সরকার এবং পুলিশ বেশির ভাগ ক্ষেত্রে সম্পত্তি দখলের বিষয়টি তদন্তে সফল হয় না, কারণ তাদের সহযোগীরা এসব কাজে জড়িত থাকে। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে যথাযথ ক্ষতিপূরণ ছাড়াই ভূমি অধিগ্রহণ।
সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা মনে করেন, ভূমি দখল বা অধিগ্রহণ এই দুই ক্ষেত্রেই তাঁরা ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু। এর কারণ, তাঁদের রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, এই প্রতিবেদনের ভিত্তি নেই। এটি প্রপাগান্ডা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আগের চেয়ে অনেক বেড়েছে। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা একেবারেই হয় না, এ কথা বলা যাবে না। সম্পত্তি নিয়ে মারামারি হয়। কিন্তু কোনো বিশেষ সম্প্রদায়কে আলাদাভাবে লক্ষ্যবস্তু করে এ ধরনের হামলা হয়, এমন নয়।
যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে ২০১৬ সালের অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু-অধ্যুষিত গ্রামে হামলার ঘটনা উল্লেখ করে বলা হয়, ওই হামলার ঘটনায় ১৫টি হিন্দু মন্দির এবং প্রায় ২০০টি ঘর ভাঙচুর ও লুট করা হয়। প্রথমে এই হামলার জন্য হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাতকে দায়ী করা হয়। পরবর্তী সময়ে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তে দেখা যায়, হিন্দুদের তাড়ানো এবং তাদের সম্পত্তি দখল করার জন্য এটি ছিল পরিকল্পিত ঘটনা। বাংলাদেশ সরকারের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার ঘটনায় প্রায় এক হাজার মানুষ জড়িত ছিল। ঘটনায় জড়িত থাকায় স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে বহিষ্কার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না। নির্বাচন ঘিরে দেশের ৬৪টি জেলার ১৬টিতে সংঘাত হয়। ভয়ানক হামলা হয়েছিল সংখ্যালঘু-অধ্যুষিত গ্রামগুলোতে। বহু সংখ্যক হিন্দুর সম্পত্তি লুট করা হয় বা আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু সংখ্যক হিন্দু তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। খ্রিষ্টান ও বৌদ্ধরাও লক্ষ্যবস্তু ছিল। এসব হামলার সঙ্গে বেশির ভাগ ক্ষেত্রে যে ব্যক্তি বা গোষ্ঠী জড়িত ছিল, তারা বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আছে।
২০১১ সালে বাংলাদেশ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করে, যা ২০১৩ সালে সংশোধিত হয়। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে অভিযোগ করেছেন, এই আইনের অধীনে সম্পত্তি ফিরে পাওয়া বা ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়াটি জটিল এবং অস্পষ্ট।
এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, তাঁর অভিজ্ঞতায় তিনি দেখেছেন, ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের জন্য কিছু সংখ্যক প্রভাবশালী ব্যক্তি সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত থাকে। এখানে রাষ্ট্রীয় মদদ নেই। অমুসলিমরা জঙ্গি হামলার বেশি ঝুঁকিতে মন্তব্য করে তিনি বলেন, সরকারের উচিত সংখ্যালঘুদের সম্পত্তি যাতে কেউ গ্রাস করতে না পারে এবং তাদের ওপর সম্ভাব্য জঙ্গি হামলার কথা বিবেচনায় নিয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া।
ইউএসসিআইআরএফের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালেও টানা দ্বিতীয় বছরের মতো বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, সেক্যুলার ব্লগার, বুদ্ধিজীবী ও বিদেশিদের লক্ষ্য করে জেএমবি এবং আইএস হামলা চালিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং জুন মাসে তিনজন হিন্দু পুরোহিতকে হত্যা করা হয়। জুনে রাজশাহীতে একজন খ্রিষ্টধর্মাবলম্বীকে হত্যা করা হয়। গত বছর আইএস সুন্নি মুসলমানদেরও লক্ষ্যবস্তু করেছিল। ৮ জুলাই সুন্নি মুসলমানদের ঈদের জামাতে বোমা এবং আগ্নেয়াস্ত্র হামলায় চারজন নিহত হয়। এই হামলাগুলো বাংলাদেশের সব নাগরিকের মধ্যে ভীতি ছড়িয়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা এ ক্ষেত্রে বেশি আতঙ্কে। কারণ আইএস বলেছে, তারা ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করতে চায়।