সংখ্যালঘুর সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাবনার ঈশ্বরদী বাজারের প্রধান সড়কের পাশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রায় এক শতক জায়গা দখলের অভিযোগ উঠেছে৷ জায়গা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও জেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার আলী ও তাঁর লোকজন তা দখল করে প্রাচীর তুলছেন৷
জায়গা দখলের প্রতিবাদে গতকাল শনিবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন নাগরিক সমাজ ও ঐক্য ন্যাপ পাবনা জেলার নেতারা৷
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, স্বর্ণ ব্যবসায়ী রমেন কুমার রায় ও তাঁর পরিবারের লোকজন কয়েক বছর আগে ঈশ্বরদী বাজারের প্রধান সড়কের পাশে প্রায় এক শতাংশ জায়গা এক ব্যবসায়ীর কাছ থেকে কেনেন৷ জমি কেনার পর থেকেই হায়দার আলীর সঙ্গে তাঁদের বিরোধ শুরু হয়৷ হায়দার আলী ওই জায়গা তাঁর বলে দাবি করে পাবনা আদালতে মামলা করেন৷ ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতিও ঘটনার মীমাংসা করতে পারেনি৷ কিন্তু কোনো নোটিশ না দিয়েই হায়দার আলী গত রোববার তাঁর লোকজন নিয়ে জায়গা দখলের প্রক্রিয়া শুরু করেন৷ ইতিমধ্যে হায়দার আলী সেখানে ইট দিয়ে প্রাচীর তুলেছেন৷
অভিযোগ প্রসঙ্গে হায়দার আলী বলেন, ‘আমি আমার জায়গাটুকু দখল করেছি৷ ক্ষমতার প্রভাব বা জোর খাটিয়ে কিছু করা হয়নি৷’