সংখ্যায় এক মাসের সর্বনিম্ন, শনাক্ত ২৫%

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ।
ফাইল ছবি

মৌলভীবাজারে নতুন করে ৬৭ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এক দিনের হিসাবে সংখ্যাটা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত ২৫ শতাংশের কিছু বেশি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন মোতাবেক, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা) ২৬৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। সে হিসাবে শনাক্তের হার ২৫ দশমিক ৩৮। গত এক মাসের গড় শনাক্ত যেখানে ৩০ শতাংশের ওপর। কোনো কোনো দিন এই হার ৫০ শতাংশের ওপর ছিল।

নতুন শনাক্ত ৬৭ জনের মধ্যে মৌলভীবাজার সদরের ৫ জন। এর বাইরে জুড়ীতে ১০ জনের, শ্রীমঙ্গলে ১ জনের, কমলগঞ্জে ২০ জনের, বড়লেখায় ৮ জনের, কুলাউড়ায় ১৯ জনের এবং রাজনগরে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯ নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ২১ জন এবং মারা গেছেন ১ জন। এ পর্যন্ত জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬১৬। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৪২৪ জন। করোনায় জেলায় মোট মারা গেছেন ৬৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জন করোনা রোগী। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আছেন ৩১ জন। বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ২২ জন।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের নমুনা পরীক্ষা হয়ে থাকে। কিন্তু সেখানে বেশি পরিমাণ নমুনা জমে গেছে। ফলে ৩ আগস্ট থেকে নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত সেখানে পাঠানো নমুনা পরীক্ষার কোনো প্রতিবেদন আসেনি। একটি সূত্র জানিয়েছে, ঢাকা থেকে এক সপ্তাহের আগে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার সুযোগ নেই। ১০ থেকে ১৫ দিনও লাগতে পারে।

মঙ্গলবার পর্যন্ত ঢাকার ল্যাবে মৌলভীবাজারের ১ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষার অপেক্ষায় আছে। জেলা স্বাস্থ্য বিভাগ আজ মঙ্গলবার যে ২৬৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করেছে, সেগুলো ২ আগস্ট পাঠানো হয়েছিল। নমুনাগুলোর পরীক্ষা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে।

জেলা সিভিল সার্জন চিকিৎসক চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রথম আলোকে বলেন, মৌলভীবাজারে করোনা সংক্রমণের হার এখন কিছুটা কমতির দিকে। ধারণা করা হচ্ছে, এরই মধ্যে বহু মানুষ করোনায় সংক্রমিত হয়ে গেছেন। গ্রামগঞ্জে ঘরে ঘরে মানুষের সর্দি-কাশি ছিল। জ্বর হয়ে গেছে। মানুষের রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলে হয়তো আবার সংক্রমণ বাড়বে। যেমনটা এখন দেখা যাচ্ছে, ইউরোপ-আমেরিকায়।