সংগঠন চাঙা করতে ছয় হাজার ইফতার পার্টি করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসজুড়ে ‘ইফতারকেন্দ্রিক রাজনীতি’র প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সংগঠনকে চাঙা করতে মূল দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সারা দেশে ছয় হাজারের বেশি ইফতার পার্টি করবে। তবে ঈদের পর সরকারবিরোধী আন্দোলন সামনে রেখে ঢাকার ৪৯টি থানায় ইফতার পার্টির সঙ্গে কির্মসভা করারও পরিকল্পনা আছে দলটির৷
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের পর সরকারবিরোধী আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন৷ এ অবস্থায় ইফতার পার্টিগুলো সামনে রেখে কোন নেতা কোন এলাকা সফর করবেন, তার সূচি ঠিক করা হচ্ছে৷ বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
ঢাকার বাইরে জেলা ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ এলাকার ইফতার পার্টি আয়োজনের দায়িত্বে থাকবেন। আর ঢাকায় থানা কমিটিগুলোর কর্মিসভা ও ইফতার আয়োজনের বিষয়টি দেখভাল করছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ নিয়ে ঢাকা মহানগর ও থানা পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। থানাগুলোতে ইফতার পার্টিতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রয়োজনে কমিটি গঠন ও সাংগঠনিক সংকট সমাধানে এসব কেন্দ্রীয় নেতাকে ক্ষমতা দেওয়া হবে।
গত বছরও সারা দেশে চার হাজারের বেশি ইফতার পার্টি করার পরিকল্পনা নিয়েছিল বিএনপি৷ তবে সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একজন সহসম্পাদক প্রথম আলোকে বলেন, গত বছর সরকারের দমন, পীড়ন ও গ্রেপ্তার আতঙ্কের কারণে ইফতার পার্টিগুলো সেভাবে হতে পারেনি। অন্তঃকোন্দলও একটা কারণ ছিল। তার পরও তাঁদের কাছে থাকা তথ্যমতে, সারা দেশে জেলা, উপজেলা, থানা, মহানগর, ইউনিয়নের সাংগঠনিক ইউনিটগুলোতে দেড় হাজারের মতো ইফতার পার্টি হয়েছিল৷
গঠনতন্ত্র অনুযায়ী, ওয়ার্ড পর্যায় থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সারা দেশে বিএনপির সাংগঠনিক ইউনিটের সংখ্যা প্রায় ৫১ হাজার। এ ছাড়া দলটির ১৩টি অঙ্গ ও সহযোগী সংগঠনেরও দেশজুড়ে কয়েক হাজার সাংগঠনিক ইউনিট আছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে জানান, তাঁদের দলের সাংগঠনিক ইউনিটগুলো ইফতার পার্টি করে। সেখানে রাজনীতি নিয়েও কথা হয়। নেতা-কর্মীদের মধ্যে দেখা-সাক্ষাত্ হয়। এটাকে সরাসরি রাজনৈতিক কোনো কর্মসূচি বলা যায় না। তিনি বলেন, দলীয়প্রধান ঈদের পর আন্দোলন কর্মসূচি দেবেন। তাই নেতা-কর্মীরা এখন থেকেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। রমজান মাসেও সেই প্রস্তুতি চলবে৷