সংগঠন পৃথক হলেও পরিণতি একই

ছাত্রদল ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের দুজন নেতা দীর্ঘদিন ধরে নিখোঁজ। নিজ দল, পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ—কেউই তাঁদের খুঁজে বের করার উদ্যোগ নেয়নি। এ দুটি ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হলেও হয়নি কোনো মামলা। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, রাজনৈতিক দ্বন্দ্ব তাঁদের এ পরিণতি ডেকে এনেছে।তাঁদের একজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র শাহ আলম। ছাত্রদলের জহুরুল হক হল শাখার সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০০৩ সালের ডিসেম্বরে নিখোঁজ হন তিনি। আরেকজন আরবি সাহিত্যের ছাত্র দেলোয়ার হোসেন। দেলোয়ার ছাত্রলীগের মুহসীন হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১১ সালের জুলাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ ছাত্রলীগের সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি পদপ্রার্থী ছিলেন। ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি নিখোঁজ হন দেলোয়ার। ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসানের (রিপন) সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলে অভিযোগ। শাহ আলম নিখোঁজ হওয়ার বিষয়ে ২০০৪ সালের ৫ আগস্ট রমনা থানায় জিডি করেছিলেন তাঁর ভাই গোলাম রব্বানী। জিডিতে উল্লেখ করা হয়, ২০০৩ সালের ডিসেম্বরে ঈদের আগের দিন সর্বশেষ তাঁর সঙ্গে শাহ আলমের কথা হয়। শাহ আলম বাড়ি আসছেন বলে ভাইকে জানান। কিন্তু এর পর থেকেই তাঁর মুঠোফোনটি বন্ধ হয়ে যায়। ঢাকায় বন্ধুবান্ধবের কাছে, বিভিন্ন আত্মীয়স্বজন ও পরিচিত ব্যক্তিদের কাছে খোঁজ নিয়েও শাহ আলমের কোনো খোঁজ মেলেনি। ছাত্রদলের হল শাখার সভাপতি তানজিলের সঙ্গে তাঁর বিরোধের বিভিন্ন তথ্য রয়েছে।
ছাত্রদলের জহুরুল হক হল শাখার তৎকালীন কর্মী ও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একজন নেতা বলেন, ২০০৩ সালের ডিসেম্বরে ঈদের আগের দিন তানজিলের সঙ্গে দেখা গিয়েছিল শাহ আলমকে। তানজিল তখন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি শাহাবুদ্দীন লাল্টুর অনুসারী ছিলেন। আর শাহ আলম তৎকালীন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিরুল ইসলাম খানের (আলীম) অনুসারী। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। শাহ আলম নিখোঁজের পরের বছর ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর আলীম গ্রুপের ছাত্রদলের আরেক নেতা মাহাবুবুল ইসলামকে (খোকন) পিটিয়ে হত্যা করেন তানজিলের অনুসারী নেতা-কর্মীরা। মাহাবুবুলের সঙ্গে শাহ আলমের ঘনিষ্ঠতা ছিল।
ছাত্রদলের কয়েকজন নেতার ভাষ্য, শাহ আলমকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। এর জন্য তারা তানজিলকে দায়ী করেন। ২০০৪ সালের ২০ জুন মতিঝিলের এ জে মানি এক্সচেঞ্জে ডাকাতির সময় পুলিশের দুই সদস্যকে হত্যার ঘটনায় তানজিলের নাম আসে। এর পর থেকে তিনি পলাতক। তানজিলের ওই সময়ের ঘনিষ্ঠ সহযোগী শোয়েব খন্দকার বিষয়টি জানতেন। মাহাবুবুল হত্যা মামলারও ২ নম্বর আসামি শোয়েব খন্দকার। বর্তমানে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক।
এ বিষয়ে শোয়েব খন্দকার প্রথম আলোকে বলেন, মতিঝিলে তানজিলের ডাকাতির ঘটনার পরে হল কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্র। পরে কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের এক সপ্তাহের মধ্যেই মাহাবুবুলকে হত্যা করা হয়। শোয়েব দাবি করেন, এ হত্যাকাণ্ডের সময় হলের বাইরে থাকার পরও তাঁকে আসামি করা হয়। তিনি বলেন, ‘হলের তখনকার ঘটনাপ্রবাহ অনেক ওপরের রাজনীতি। এগুলো হয়তো বড় ভাইদেরই কোনো খেলা ছিল। কিন্তু তখন সেগুলো বুঝে ওঠার সামর্থ্য ছিল না।’
ছাত্রদলের নেতাদের দাবি, কেঁচো খুঁড়তে সাপ বের হয় কি না, এই ভয়ে তখন দলের লোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই চুপ করে গেছে। সব দোষ তানজিলের ওপর দিয়ে সবাই সযত্নে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
এ বিষয়ে বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বলেন, ‘আমরা অনেকভাবে তাঁর খোঁজ করেছি। তবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।’
শাহ আলমের বড় ভাই গোলাম রব্বানী বলেন, ‘চার ভাই ও চার বোনের মধ্যে শাহ আলম ছিলেন সবার ছোট। ছোটবেলায় মা মারা যান। বড় ভাইবোনেরা ওকে মানুষ করে। ও নিখোঁজ হওয়ার পরে বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। সাত বছর আগে তিনিও মারা যান।’
রব্বানী বলেন, ‘ছাত্রদল, বিএনপির অনেকের কাছে ধরনা দিয়েছি। তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করেছি। কিন্তু কিছুতেই কিছু হয়নি। ভাইয়ের লাশটাও আমরা পেলাম না।’
দেলোয়ারেরও খোঁজ করেনি কেউ: ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি লালবাগের বোনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন দেলোয়ার।
দেলোয়ারের মা করিমুন্নেসা প্রথম আলোকে বলেন, ১৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে তিনি দেলোয়ারকে ফোন করেন। তখন দেলোয়ার পল্টনে ছিলেন। রাত একটায় আবারও ছেলেকে ফোন দেন। তখন দেলোয়ার জানান, তিনি ‘ক্যাম্পাসে আছেন’। কিন্তু তখন ফোনে শোনা যাচ্ছিল, দেলোয়ার উত্তেজিত হয়ে কারও সঙ্গে কথা বলছেন। এর পর থেকেই ফোন বন্ধ।
এরপর ২৩ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে দেলোয়ারের মুঠোফোন থেকে একজন তাঁর বোন বিলকিস বেগমের নম্বরে ফোন করে বলেন, দেলোয়ারের মুঠোফোনটি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুড়িয়ে পেয়েছেন। তারপর ওই ব্যক্তিও ফোন বন্ধ করে দেন। এরপর বিলকিস ২৩ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি জিডি (নম্বর-৯৭১) করেন।
ওই জিডিতে বলা হয়, ‘ধানমন্ডির শংকরের কাজি অফিসের সামনের একটি বাড়িতে বসবাসকারী রিপনের সঙ্গে দেলোয়ারের মনোমালিন্য চলছিল।’
দেলোয়ারের কয়েকজন বন্ধু বলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান শংকরে কাজি অফিসের সামনের বাসায় থাকতেন। তাঁর সঙ্গে দেলোয়ারের মতবিরোধ তুঙ্গে উঠেছিল। তাঁরা দেলোয়ারের ঘটনার জন্য মাহমুদ হাসানকে দায়ী করেন।
এ বিষয়ে মাহমুদ হাসান প্রথম আলোকে জানান, দেলোয়ারের নিখোঁজের বিষয়ে তিনি কিছুই জানেন না। জিডিতে নাম থাকার বিষয়েও তাঁর কোনো ধারণা নেই।
দেলোয়ারের বড় ভাই হাসিবুর রহমান ওরফে মানিক এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক। তাঁর পরিবারের দাবি, সরকার যেন অন্তত দেলোয়ারের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করে।
লালবাগ থানায় করা জিডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মীর সাব্বির আলী বলেন, দেলোয়ারের পরিবারের নির্দেশনা ও পুলিশের সন্দেহ অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি।
(প্রতিবেদন তৈরিতে সাহায্য করেছেন ধুনট (বগুড়া) প্রতিনিধি মাসুদ রানা)