সংগঠনের বিচারে আইনের খসড়া মন্ত্রিসভায় উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠনকে নিষিদ্ধ করার এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনের খসড়া মন্ত্রিসভার আগামী বা এর পরের বৈঠকে উঠতে পারে। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।
আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘সোমবারের মন্ত্রিসভায় খসড়াটি ওঠানোর চেষ্টা করছি। বোধ হয় এ সোমবারের সভায় উঠবে না। এর পরের সভায় উঠবেই ইনশাআল্লাহ।’ তিনি বলেন, গত সোমবার মন্ত্রিসভার বৈঠক না হওয়ায় কিছু জরুরি বিষয় আটকে আছে।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই রায় একটি বড় প্রাপ্তি। একাত্তরে গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত কুখ্যাত নায়কদের আইনের আওতায় এনে বিচার করা হচ্ছে। রাষ্ট্রপক্ষের চেষ্টা থাকবে যেন আপিলে এই রায় বহাল থাকে।’
সচিবালয়ে নিজ কার্যালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, সরকার এই রায়ে সন্তুষ্ট। এই রায়কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সরকার প্রস্তুত আছে।