সংগঠনের ১৫ কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে জেলা যুবদলের সমাবেশে গুলির ঘটনায় সংগঠনের ১৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন—মো. রফিক ওরফে ঠাকুর, শামসুল ইসলাম, মহিউদ্দিন মো. তারেক, শাহাবউদ্দিন, ইউসুফ, মো. হোসেন, মো. তারেক, গিয়াস উদ্দিন ও আমিনুল ইসলাম মুকুল। অজ্ঞাত পরিচয় আরও ছয়জন আসামি হয়েছেন। এরই মধ্যে প্রধান আসামি রফিককে গ্রেপ্তার করা হয়েছে।গত সোমবার শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা যুবদলের কর্মী সমাবেশে গুলি বর্ষণের ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, মামলার আসামিরা সবাই যুবদলের কর্মী। জেলা বিএনপির কোন্দলের কারণে গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।