সংগীত ও ক্রীড়ায় নৈপুণ্য দেখাল অটিস্টিক শিশুরা
বগুড়ায় প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের প্রতিভা বিকাশের দুই দিনব্যাপী প্রতিযোগিতা গতকাল শনিবার শেষ হয়েছে। সিটি বালিকা উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সমাপ্ত হয়।
রাজশাহী বিভাগের আট জেলার বিদ্যালয়ের প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
২৮ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন শাখায় অংশ নেয় এসব শিশু।
এ ছাড়া বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় কমপক্ষে ২০টি ইভেন্টে অংশ নেয় তারা। কেউ দৌড়ে, কেউ লং-জাম্পে পারদর্শিতা দেখায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান।
সুইড বাংলাদেশ বগুড়া এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বি এম জহুরুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জওয়াহেরুল ইসলাম প্রমুখ।