বাংলা গানের অতীত গৌরবোজ্জ্বল। এই গান শুধু মানুষকে আনন্দই দেয়নি, সংকটে, সংগ্রামে সাহস আর প্রেরণাও জুগিয়েছে। বাঙালির ইতিহাসের প্রতিটি বাঁকে তার গানের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু যাঁদের অবদানে বাংলা গানের এই সমৃদ্ধি, অনেক সময় তাঁরা নেপথ্যেই থেকে যান। নেপথ্যচারী এমন সংগীতের প্রতিভাবানদের তুলে ধরতেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সংগীত পরিষদ। প্রকাশ করেছে সংগীতের কৃতীজন নামে গ্রন্থ। গতকাল সোমবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ছিল এর প্রকাশনা অনুষ্ঠান।অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সংগীতসংশ্লিষ্ট মানুষের মিলনমেলা। শিল্পী, গীতিকার, সুরকারেরা মিলে মেতে উঠেছিলেন আড্ডায়। সঙ্গে গানের আসর তো ছিলই।বইটির মোড়ক উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বক্তৃতা করেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, পরিষদের সভাপতি রেহানা আশিকুর রহমান, সহসভাপতি শেখ সাদী খান, সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন ভূঁইয়া, কবি আসাদ চৌধুরী ও শাফাত খৈয়াম। সংগীতের কৃতীজন বইটিতে দেশের ১৮ জন সংগীতজ্ঞকে নিয়ে লিখেছেন তাঁদের ঘনিষ্ঠজনেরা। এতে উঠে এসেছে এসব সংগীত-গুণীর জীবন ও কর্মের নানা বিষয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গান শুনিয়েছেন মো. খুরশীদ আলম, শাহীন সামাদ, সুবীর নন্দী, রেবেকা সুলতানা, সালমা সুলতানা, শাম্মী আখতার, ফাতেমা-তুজ-জোহরা, ফাহমিদা নবী, আবু বকর সিদ্দিক, আলম আরা মিনু, শেলু বড়ুয়াসহ অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন দিনাত জাহান।ফেরদৌস আরার ‘এক বৈশাখে দেখা হলো দুজনার’দুই বাংলার পুরোনো দিনের জনপ্রিয় বাংলা গান নিয়ে প্রকাশিত হলো কণ্ঠশিল্পী ফেরদৌস আরার নতুন অডিও অ্যালবাম এক বৈশাখে দেখা হলো দুজনার। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরে ছিল অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। সম্মিলিতভাবে মোড়ক উন্মোচন করেন কবি আসাদ চৌধুরী, শিল্পী সুবীর নন্দী ও শুভ্র দেব। তাঁদের সঙ্গে ছিলেন শিল্পী ফেরদৌস আরা। ইমপ্রেস অডিও ভিশন এটি প্রকাশ করেছে। এই অ্যালবামে গান রয়েছে ১০টি। সংগীত পরিকল্পনা ও পরিচালনা করেছেন শুভ্র দেব।গানগুলো হলো: ‘হায় রে পোড়া বাঁশি’, ‘তোমার আকাশ থেকে’, ‘তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে’, ‘তুমি এসে আমার মনে ফাগুন জাগালে’, ‘এক বৈশাখে দেখা হলো দুজনার’ প্রভৃতি।সংগীত শিল্পীদের নতুন সংগঠনকণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারদের স্বার্থ সংরক্ষণে গঠিত হলো আরও একটি সংগঠন। ‘এলসিএস গিল্ড বাংলাদেশ’ নামের এ সংগঠন থেকে গানের মান উন্নয়ন ও সংগীত-পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণে নানা কর্মসূচি নেওয়া হবে। গতকাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নতুন এ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন সুরকার আলাউদ্দীন আলী, শিল্পী মোহাম্মদ রফিকুল আলম, এন্ড্রু কিশোর, ফোয়াদ নাসের, ফাহমিদা নবী, শুভ্র দেব, মনির খান, মিল্টন খন্দকার প্রমুখ। গিল্ড গীতিকার, সুরকার ও শিল্পীদের সমন্বয়ে গান প্রযোজনা ও বাজারজাত করবে বলেও জানানো হয়। সুরকার আলাউদ্দীন আলীকে সভাপতি ও এন্ড্রু কিশোরকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।বর্ষবরণ ১৪১৭ বইমেলাশাহবাগের আজিজ মার্কেট প্রাঙ্গণে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে সপ্তাহব্যাপী ‘বর্ষবরণ ১৪১৭ বইমেলা’। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শাহবাগ শাখা মেলাটি আয়োজন করেছে। মেলায় ১৭টি প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বই নিয়ে এসেছে। এদের মধ্যে আছে জাগৃতি, সন্দেশ, পাঠক সমাবেশ, প্যাপিরাস প্রভৃতি। মেলা আগামীকাল বুধবার পর্যন্ত চলবে।