সংগীতজ্ঞ মৃদুল কান্তি আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লোকসংগীত গবেষক ও শিল্পী অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী আর নেই। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১০ বছরের এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিল্পীর স্বজনেরা অভিযোগ করেছেন, ল্যাবএইড হাসপাতালের অবহেলার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ল্যাবএইড এ অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর গতকাল সকালে মৃদুল কান্তি চক্রবর্তীকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। মৃদুল কান্তির ভাগনে ঢাকা মেডিকেল কলেজের স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত নির্ঝর ভট্টাচার্য বলেন, ‘সকাল নয়টা ৪৫ মিনিটের দিকে মামাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। তাঁকে ভর্তির জন্য ২০-২৫ মিনিট অপেক্ষা করানো হয়। এরপর কেবিনে নিতে বিলম্ব করা হয় আরও ২০-২৫ মিনিট। মামা ডায়রিয়ার ফলে পানিশূন্যতায় ছিলেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে শুরুতে জরুরি ভিত্তিতে তাঁকে স্যালাইন দেওয়ার কথা বলেছিলাম। তারা নানা প্রক্রিয়ার দোহাই দিয়ে সময় নষ্ট করে। ১১টা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান।’দুপুরে তাঁর মরদেহ অপরাজেয় বাংলার সামনে আনা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য হারুন অর রশিদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে যান শ্রদ্ধা জানাতে। ল্যাবএইড হাসপাতালের অবহেলার অভিযোগ শুনে অর্থমন্ত্রী এ সময় বলেন, ‘ল্যাবএইডের মতো প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটেছে, যা সত্যিই দুঃখজনক।’উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার ঘটনা দ্রুত তদন্তের দাবি করেন।তবে ল্যাবএইড হাসপাতালের পরিচালক মাহবুবুল হক অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘রোগীকে জরুরি বিভাগে আনার পর ভর্তি করে ১০টা ১০ মিনিটে ওয়ার্ডে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে চিকি ৎ সক এসেছেন। সম্ভবত তিনি এ সময় হূদেরাগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে তখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। অবহেলার অভিযোগ ঠিক নয়। তার পরও আমরা ঘটনাটি খতিয়ে দেখব।’বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মর্গে মৃদুল কান্তির মরদেহ রাখা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে শেষ শ্রদ্ধা জানাতে। এরপর মরদেহ নেওয়া হবে সুনামগঞ্জে গ্রামের বাড়ি। সেখানেই শেষকৃত্য হবে। মৃদুল কান্তি চক্রবর্তী ১৯৫৫ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংগীত বিষয়ে গবেষণা ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। মৃদুল কান্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এ ছাড়া বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সংস্কৃতি মঞ্চ, ছায়ানটসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।