সংগীতপ্রেমিক চোর
চুরি করে আনা প্যাকেটটি খুলে দেখলেন, এটি একটি পিয়ানো। আর যা-ই হোক, একজন গানপাগল মানুষ হিসেবে সংগীতের যন্ত্র চুরি করা ঠিক হয়নি—হয়তো এমন বোধ থেকে নিজ দায়িত্বে পিয়ানো ফেরত দিলেন চোর। পরে ঢাকা থেকে বাসযোগে যন্ত্রটি কিশোরগঞ্জের কুলিয়ারচর পর্যন্ত পাঠিয়ে দায়মুক্ত হন তিনি। কুলিয়ারচর বাসস্ট্যান্ড থেকে পুলিশ শনিবার রাত সাড়ে ১১টার দিকে যন্ত্রটি বুঝে পায়। তবে নিজেকে পুলিশের সামনে প্রকাশ করেননি গানপ্রেমিক ওই চোর। পুলিশ জানায়, শিক্ষার্থীদের সংগীতচর্চার জন্য বাংলাদেশ সরকারকে কোরিয়া সরকার কিছু পিয়ানো উপহার দেয়। পরে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন বিদ্যালয়ে তা বিতরণ করে। কিশোরগঞ্জের নিকলী উপজেলার মধ্য ছাতিরচর সাহেব আলী বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় একটি পিয়ানো পায়। যথাযথ ব্যবহার না জানার কারণে শিক্ষকেরা পিয়ানোটি বাক্স থেকে খুলে দেখেননি। সযত্নে একটি কক্ষে রেখে দেন। গত ৫ নভেম্বর রাতে ওই কক্ষ থেকে যন্ত্রটি চুরি যায়। ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর মধ্যে গত শুক্রবার এক ব্যক্তি নিকলী থানার ওসিকে মুঠোফোনে পিয়ানো চুরির দায় স্বীকার করে তা ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওই ব্যক্তি ওসিকে জানান, তিনি গানপাগল মানুষ। গান ছাড়া তাঁর চলে না। গানের সঙ্গে সম্পৃক্ত সবকিছুর প্রতি তাঁর ভালোবাসা আছে। সমস্যা হলো, চুরি করার সময় জানতেন না বাক্সের ভেতর পিয়ানো রাখা। দেখে তাঁর মধ্যে অনুশোচনা জাগে। যন্ত্রটি ফেরত দিতে মনস্থির করে ফেলেন। পরে ওসির সঙ্গে একাধিকবার কথা বলে তা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে পিয়ানোটি কুলিয়ারচরগামী একটি যাত্রীবাহী বাসে তুলে দেওয়া হয়। সঙ্গে ওই ব্যক্তিও আসেন। পরে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় ভৈরব বাসস্ট্যান্ড পর্যন্ত এসে আর এগোনোর সাহস করেননি। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুয়ীদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কী বলব, চোর সংগীতপ্রেমিক। সংগীত ও সংগীতের যন্ত্রের প্রতি বিরল ভালোবাসা। এ কারণে চুরি করে হজম করতে পারেনি। নিজ দায়িত্বে যোগাযোগ করে কোনো বিনিময় ছাড়াই যন্ত্রটি কুলিয়ারচর পাঠিয়ে দেয়।’ প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, পিয়ানো চুরি হয়েছিল, আবার চোরই নিজ দায়িত্বে তা ফিরিয়ে দিয়েছেন।