সংগীতশিল্পী এস আই টুটুলের মায়ের মৃত্যু
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুলের মা শামসুন্নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার সকালে এস আই টুটুলের ছোট ভাই এস আই সোহেল প্রথম আলোকে জানান, গত ২৪ ফেব্রুয়ারি তাঁর মা এসআই টুটুলের বাসায় বেড়াতে যান। সেই থেকে তিনি ঢাকাতেই ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরিভাবে তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তিনি মারা যান।
এসআই সোহেল আরও জানান, শুক্রবার সকালে লাশ নিয়ে দেশের বাড়ি কুষ্টিয়ায় উদ্দেশে রওনা দেন এস আই টুটুল ও তাঁর পরিবারের সদস্যেরা। জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে শামসুন্নাহারকে চিরনিদ্রায় শায়িত করা হবে।