সংগীতশিল্পী বুলবুল ইসলামের গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার ফটকে ঢোকার সময় অস্ত্রের মুখে গাড়িটি ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা। গত বুধবার রাতে রাজধানীর বনানীতে এ ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন সংগীতশিল্পী বুলবুল ইসলাম। পাশে ছিলেন তাঁর স্ত্রী শিল্পী শারমীন সাথী ইসলাম।বুলবুল ইসলাম বলেন, বিদেশগামী এক বন্ধুর সঙ্গে দেখা করতে রাতে তিনি গ্রিন রোডের বাসা থেকে বনানীতে বন্ধুর বাসায় যান। বনানীতে ঢোকার প্রায় সব কটি পথই বন্ধ ছিল। পরে মূল সড়ক দিয়ে ঢুকে বনানী ৪ নম্বর সড়কে বন্ধুর বাসার ফটকে গাড়ি ঢোকানোর সময় এ ঘটনা ঘটে। তিনি বলেন, বাড়ির নিরাপত্তাকর্মী ফটক খুলে দেওয়ার পর তিনি গাড়িটি ঢোকাতে গিয়ে দেখেন, সামনে আরেকটা গাড়ি। ঢুকতে হলে তাঁর গাড়িটা পেছাতে হবে। গাড়িটা তিনি পেছানো শুরু করতেই পেছনে আরেকটা গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে ধারালো অস্ত্র হাতে চার তরুণ নেমে এসে তাঁর গাড়ি ঘিরে ধরে। তারা লাথি মেরে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করে। এ সময় উপায়ান্তর না দেখে বুলবুল ও তাঁর স্ত্রী গাড়ি থেকে নেমে এলে দুর্বৃত্তরা তাঁর টয়োটা এক্স করোলা গাড়িটি চালিয়ে চলে যায়। দুর্বৃত্তরা তাঁদের মুঠোফোনগুলোও নিয়ে যায়।