সংগীতে ঐতিহ্য ও নিরীক্ষা

স্কুলে পড়ার সময় একটা ব্যান্ড দল বানিয়ে ফেলা স্কুলপড়ুয়াদের জন্য যেন একটা অলিখিত রেওয়াজ। এটা আবার তাদের অন্য আরেকটা জগতে উঠে যাওয়ার সিঁড়ি। একসঙ্গে বসে গান করার যে রোমাঞ্চ, সেটা কখনোই ফিকে হয় না। এদেরই কারও কারও বেলায় সংগীত পেশা হয়ে দাঁড়ায় একসময়। বাংলাদেশে আপনি এমন অনেক সংগীতশিল্পী পাবেন, যাঁরা প্রতি সপ্তাহে ঘণ্টার পর ঘণ্টা গিটার-ড্রামস নিয়ে এমনভাবে রেওয়াজ করে, যার সঙ্গে ভারতীয় ধ্রুপদ সংগীতের শিল্পীদের খুব একটা পার্থক্য নেই।
দুর্ভাগ্যজনক হলেও, বাংলাদেশের অনেক সংগীতশিল্পীকে জীবিকার জন্য অন্য একটা পেশা বেছে নিতে হয়। এটা অবশ্য অন্যান্য দেশের বেলাতেও সত্য। খুব স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ে সংগীত চর্চায়। বিদেশে পুরোদস্তুর সংগীতশিল্পীদের অবস্থা কিছুটা ভালো, অবশ্য খুব বেশি ভালো কিন্তু নয়।
কিছুটা ভালো হওয়ার কারণ পাশ্চাত্যে সংগীতশিল্পীদের একটি ব্যান্ডেই কাজ করতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমি নিজেও দুটি ব্যান্ডের প্রধান গায়ক—‘ক্ষ’ আর লক্ষ্মীট্যারা। এর মধ্যে প্রথমটা আমি অলিভার উইকসের সঙ্গে মিলে শুরু করেছিলাম আর পরেরটার নেতৃত্ব দেন পিয়ানিস্ট কিশন খান। এর পাশাপাশি আমি মঞ্চ বা নাচের জন্য সংগীত বা কণ্ঠ কিংবা দুটোতেই কাজ করি (যেমন আকরাম খানের দুর্দান্ত প্রযোজনা দেশ। আশা করি, বাংলাদেশের দর্শক একদিন এটা দেখতে পাবে)। লন্ডনের আরও অনেক সংগীতশিল্পীর মতো আমিও অনেকগুলো প্রকল্পে কাজ করি, তা না হলে একজন এক ব্যান্ডেই কাজ করে টেকা মুশকিল, যদি না সেই ব্যান্ড কাঁড়ি কাঁড়ি টাকা আয় করা বিশ্বখ্যাত কোনো দল হয়। মোটের ওপর বলতে গেলে, পুরোদস্তুর একজন সংগীতশিল্পী সেই চাকচিক্যময় জীবন যাপন করতে পারেন না। তাহলে তবুও কেন আমরা এটা করি? কারণ সেই একটাই, যে কারণে ছোট্টবেলায় আমরা ব্যান্ড দল বানাই। যা একজনের মনের মধ্যে এমন একটা জগৎ বানিয়ে দেয়, টাকার সাধ্য নেই সেটা স্পর্শ করে।
সাদামাটা জীবনযাপন তো আছেই, সেই সঙ্গে কখনো কখনো সংগীতশিল্পীদের এমন সব কাজ নিয়ে দোটানায় পড়তে হয়, যেগুলো প্রত্যাশা পূরণ করতে পারে না। সৌভাগ্যের কথা আমার এমন অভিজ্ঞতা খুব কমই হয়েছে। আমার এ ধরনের অভিজ্ঞতার কিছুটা গত বছর বাংলাদেশি গণমাধ্যমে বেশ ভালোভাবে প্রচারিত হয়েছে। তবে আমাকে বলতেই হবে, সাধারণ মানুষের কাছ থেকেই আমি অসাধারণ সমর্থন পেয়েছি। এই সুযোগে আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যারা আমার সংগীতকে সমর্থন জানিয়েছে।
যে ব্যান্ড দলগুলো বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীতের ‘আধুনিকায়ন’ করছে, তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। তাদের বিবেচনার জন্য এই তথ্যটি দিতে চাই, দক্ষিণ এশিয়ার সংগীতের অবিচ্ছেদ্য অংশ যে হারমোনিয়াম, সেটা কিন্তু আদতে একটা জার্মান বাদ্যযন্ত্র ছিল। খুব স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্ম বাংলার ঐতিহ্যবাহী সংগীত তাদের মতো করে বাজাতে চাইবে। কেব্ল টিভি এবং ইন্টারনেটের কারণে অনেক বেশি সংগীত শুনে শুনে আগের চেয়ে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র ও সংগীতরুচির প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ বেড়েছে। এটা তারই প্রতিফলন। আমাদের সংগীতও নতুন ধারায় পুনরাবিষ্কৃত হবে।
বাংলাদেশের সংগীত ঐতিহ্য এত সমৃদ্ধ, এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অনেক সুযোগও তাই আছে। আর পরীক্ষা-নিরীক্ষাও কিন্তু আসলে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি নতুন প্রজন্ম কীভাবে তার শ্রদ্ধা দেখাচ্ছে, তারও একটা প্রকাশ। তা ছাড়া পরিবর্তন যখন অনিবার্য, আমাদের সমৃদ্ধ সংস্কৃতিতে আমরা কেবলই আরও সমৃদ্ধ করতে পারি আমাদের ঐতিহ্যবাহী সংগীতকে নতুন একটি চেহারায় প্রকাশ করার মাধ্যমে। তবে এর মানে কিন্তু অবশ্যই আপনাকে আগে সেই ঐতিহ্যবাহী সংগীতটা শিখতে হবে। আমি নিজে সেই ছেলেবেলা থেকে নজরুলসংগীত শিখেছি, এর পরই আমি সিদ্ধান্ত নিয়েছি এটা নিয়ে কাজ করার।
মনে আছে, ঢাকায় আমার বেড়ে ওঠার দিনগুলোতে আমার খুব বেশি বন্ধু নজরুলসংগীত শুনতে চাইত না। বন্ধুরা চাইত এমন সংগীত শুনতে, যেটায় আধুনিকতার ছোঁয়া আছে। ওদের দোষও দিতে পারতাম না। আমি তাই এই চিন্তাভাবনাকে সমর্থন করি, শুধু নতুন নতুন গান বানিয়ে আমাদের গানের ভাঁড়ারটিকে আরও বড় করাই নয়, আমাদের উচিত হবে বাদ্যযন্ত্রগুলোকে নতুনতর উপায়ে ব্যবহার করে ঐতিহ্যবাহী গানগুলোকে পুনর্নির্মাণ করে আমাদের শ্রোতার সংখ্যা বাড়ানো।
‘ক্ষ’ এবং লক্ষ্মীট্যারা—দুই জায়গায়ই আমরা কণ্ঠের সমান গুরুত্বই দিই বাদ্যযন্ত্রকে। আমি দেখেছি, বাংলাদেশে মূলত গায়কদের ওপর বেশি নজর থাকে। আমরা তাদেরই বেশি কদর করি, যার ফলে আমাদের দেশে নতুন প্রজন্মের একদল গায়ক উঠে এসেছে, যেটা অবশ্যই দুর্দান্ত। একইভাবে আমরা যদি বাদ্যযন্ত্র বাজিয়েদেরও কদর করতে পারি (গিটার কিংবা বংশীবাদকের বেলায় যেটা আমরা করে থাকি), একটা নতুন প্রজন্মের প্রতিভা বেরিয়ে আসবে, যারা সরোদ, ট্রাম্পেদ, সান্তুর, ভায়োলিনের মতো যন্ত্রগুলো দুর্দান্ত বাজাবে। তাদেরকে ব্যবহারও করতে হবে গায়কদের পরিপূরক হিসেবে, সহায়ক হিসেবে নয়।
ঐতিহ্যবাহী সংগীতগুলোর চর্চা অব্যাহত রাখতে হবে, একই সঙ্গে সেগুলোর পুনর্নির্মাণও। এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। লালন, নজরুল, রবীন্দ্রনাথ আমাদের সবার, তাঁরা পুরো বিশ্বের।
ইংরেজি থেকে অনূদিত
সোহিনী আলম
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী। বাংলা লোকজ, দেশাত্ববোধক, রবীন্দ্র-নজরুল সংগীত, আধুনিক গান পাশ্চাত্যে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। নজরুল সংগীতে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। লন্ডনভিত্তিক ক্ষ ও লক্ষ্মী ট্যাঁরা ব্যান্ড দলের প্রধান কণ্ঠশিল্পী। এ দুটি ব্যান্ডের অন্য সদস্যারা বিদেশি। অলিভার পুরস্কারজয়ী আকরাম খানের নৃত্যালেখ্য ‘দেশ’-এর গানে কণ্ঠ দিয়েছেন। সোহিনী আলম লন্ডনভিত্তক থিয়েটার অ্যান্ড আর্টস কোম্পানি কমলা কালেকটিভের প্রতিষ্ঠাতা সদস্য।