সংগীতে মেধাস্বত্ব বাস্তবায়নের তাগিদ
মেধাস্বত্ব আইনের সঠিক বাস্তবায়ন না হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সংগীত-সংশ্লিষ্ট ব্যক্তিরা। গান নিয়ে গীতিকার, সুরকার, শিল্পী ও প্রযোজক—কার কী অধিকার, তা নিয়ে অস্পষ্টতা থাকায় পুরো ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি মেধাস্বত্ব আইনকেও যুগোপযোগী করতে হবে।
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে মেধাস্বত্ব নিয়ে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘কপিরাইট আইন যুগোপযোগীকরণ ও সংগীত কর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে কপিরাইট বোর্ড। বোর্ডের চেয়ারম্যান মো. মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ। মূল প্রবন্ধে নুরুল হুদা বলেন, ২০০০ সালে তৈরি কপিরাইট আইন ২০০৫ সালে একবার সংশোধিত হয়। ২০০৮ সাল থেকে এ আইনটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে নানা প্রস্তাব এলেও তা বাস্তবায়িত হয়নি। সময়ের প্রয়োজনে মেধাস্বত্ব আইনকে যুগোপযোগী না করলে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত হবেন।
আকতারী মমতাজ বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সবার মতামত নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন কণ্ঠশিল্পী ফকির আলমগীর, হামিন আহমেদ, এস ডি রুবেল প্রমুখ।