সংগীতের আন্তর্জাতিক সম্মেলন শুরু
‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী সংগীত-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন ভারতের সংগীতাচার্য অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন। তাঁদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার সুলতান আবদুল আহমেদ।