সংগীতের সুরে ঈদ-আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফয়’স লেকে কনসার্টে গান করেন জেমস
ফয়’স লেকে কনসার্টে গান করেন জেমস

ঈদের আমেজ এখনো কাটেনি নগরবাসীর। আনন্দ-উচ্ছ্বাস চলছে ঘরে-বাইরে। গত শুক্রবার নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে আয়োজিত হলো ঈদ কনসার্ট। কনকর্ড ও বাংলালিংক যৌথভাবে এই আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে কনসার্টে দর্শক সমাগমও হয়েছিল প্রচুর।
বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রামের ব্যান্ডদল রিসেন্ট আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ গানটি গেয়ে শুরু করে তাদের পরিবেশনা। এরপর তারা একে একে পরিবেশন করে ‘ভুল করেছ’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘তবুও একাকী’সহ মোট ১০টি গান।
এরপর মাইক্রোফোন হাতে মঞ্চে আসেন মীরাক্কেলের কৌতুক অভিনেতা জামিল আহমেদ। তিনি এসেই হাস্য-রসে মাতিয়ে তোলেন সকলকে। কিছুটা রহস্য রেখে জানালেন, আজকের মঞ্চে একজনের জন্মদিন উদ্যাপন করা হবে। কিন্তু নাম বললেন না। এরপর খুললেন কৌতুকের ডালি। গানের ফাঁকে ফাঁকে পুরো অনুষ্ঠানজুড়ে চলেছে তাঁর কৌতুকনির্ভর উপস্থাপনা। এর মধ্যে মঞ্চ মাতাতে আসেন নিশিতা বড়ুয়া। ‘শ্রাবণ দিনে তোমায় পড়ে মনে’ গানটির মাধ্যমে নিশিতা বড়ুয়া শুরু করেন তাঁর পরিবেশনা। একে একে পরিবেশন করেন ‘রঙের মেলা’, ‘আমি তোমার মনের ভেতর’, ‘স্বপ্ন আজ মেলছে ডানা’ গানগুলো।
‘আঁই আইলে অ্যান কা গরো’ নিশিতা যখন চট্টগ্রামের এই আঞ্চলিক গানটি পরিবেশন করছিলেন, তখন নেচে উঠল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। তাঁর শেষ পরিবেশনা ছিল ‘বন্ধু তোমায় মনে পড়ে’।
এরপর মঞ্চে এসে রহস্যের জট খুললেন জামিল। ঘোষণা করলেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকুর ৩৪তম জন্মদিন উদ্যাপন করা হবে মঞ্চে। কাটা হলো কেক। কেক কাটা শেষে মঞ্চে গান গাইলেন রিংকু। শুরু করলেন ‘তুমি ছাড়া দিন-রজনী’ গানটি দিয়ে। এ ছাড়া ‘জীবননদীর উল্টা স্রোতে’, ‘রবে না এ ধন’, ‘নারী হয় লজ্জাতে লাল’, ‘যা দিয়েছ তুমি আমায়’ গানগুলো পরিবেশন করেন তিনি। সন্ধ্যা নামতেই মঞ্চে গিটারে সুর তোলেন নগর বাউল জেমস। ‘লেইস ফিতা লেইস’, ‘দিওয়ানা-দিওয়ানা’, ‘দুষ্টু ছেলের দল’, ও ‘বিজলি চলে যেয়ো না’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মিরাবাঈ’, ‘হই হই কাণ্ড’ গানগুলো গেয়ে মাতিয়ে তোলেন দর্শকদের।
জেমস যখন তাঁর শেষ গান ‘পাগলা হাওয়া’ করে মঞ্চ ছাড়ছিলেন, তখনো দর্শকেরা ভাসছিলেন আনন্দের জোয়ারে। কনকর্ডের সহকারী বিপণন ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, এই আয়োজনের মাধ্যমে নগরবাসীর ঈদ-আনন্দের পূর্ণতা পেল। বিশেষ করে তারুণ্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।