সংগ্রহ মূল্য বাড়ানোর ঘোষণায় চালের দাম বেড়েছে
চালের দাম আবার বাড়ছে। তিন টাকা বেশি দামে মিলমালিকদের কাছ থেকে মোটা চাল কেনার সরকারি ঘোষণার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারে বিভিন্ন ধরনের চালের দাম কেজিপ্রতি দেড় থেকে দুই টাকা পর্যন্ত বেড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, সরকার চালের দাম বাড়িয়ে দিয়েছে, এ কারণে তাঁদের বাড়াতেও দোষ নেই। তবে খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, চালের দাম কিছুটা বাড়লেও দেশে কোনো সঙ্কট হবে না।গত বৃহস্পতিবার চালের সংগ্রহ বাড়াতে প্রতি কেজি চালের সঙ্গে তিন টাকা উৎসাহ মূল্য দেওয়ার ঘোষণা দেয় সরকার। বেসরকারি মিলমালিকদের সঙ্গে চুক্তি হওয়া দুই লাখ ৩৭ হাজার টন চালের ক্ষেত্রে এই দাম প্রযোজ্য হবে। এই উৎসাহ মূল্য গুদামে চাল সরবরাহের পর চালকল মালিকদের দেওয়া হবে। এই ঘোষণার পরই বাজারে চালের দাম বাড়তে শুরু করে। গত ২৬ জুন পাইকারি বাজারে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৩৭ টাকা ৫১ পয়সা থেকে ৩৮ টাকা পাঁচ পয়সা। আর গতকাল শনিবার তা ৩৮ টাকা পাঁচ পয়সা থেকে ৩৯ টাকা ৬৬ পয়সায় বিক্রি হয়েছে। একইভাবে খুচরা বাজারে গত ২৬ জুন নাজিরশাইলের দাম ছিল ৪০ থেকে ৪৬ টাকা, আর গতকাল এই দর দাঁড়ায় ৪২ থেকে ৫০ টাকায়। আবার ৩২ থেকে ৩৬ টাকার লতা এখন ৩৬ থেকে ৩৮ টাকা, ৩৩ থেকে ৩৫ টাকার পারিজা ৩৫ থেকে ৩৬ টাকা এবং ২৮ থেকে ২৯ টাকার মোটা (ইরি) চাল এখন ৩১ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। বাবুবাজারের চাল ব্যবসায়ী মনির হোসেন বলেন, সরকার চালের দাম বাড়িয়ে দিয়েছে। এর সুযোগ নিয়েছেন অনেকেই। গত দুদিনে প্রতি মণ চালে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বাবুবাজারের জনপ্রিয় রাইস এজেন্সির আবদুল করিম বলেন, ‘এ বছর ধানের ভালো ফলন হয়েছে। তবে বাজারে সরকারের কোনো তদারকি না থাকায় মিলাররা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। সরকার এ মুহূর্তে কার্যকর ব্যবস্থা না নিলে মিলমালিকদের কাছে সবাই জিম্মি হয়ে পড়বে। কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ফুডের আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘দাম কিছুটা বাড়লেও দেশে চালের কোনো সঙ্কট হবে না। চালের বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ব্যাংক ঋণের কারণে পরবর্তী আমন মৌসুম আসা পর্যন্ত প্রতি মাসে চিকন চালের দাম খুব বেশি হলে কেজিতে এক টাকা এবং মোটা চালের দাম ৫০ পয়সা বাড়বে।’ তিনি আরও বলেন, ‘এখনো কৃষক ও মিলমালিকদের কাছে পর্যাপ্ত চাল রয়েছে। এ চাল ছয় মাসের মধ্যে বিক্রির লক্ষ্য নিয়ে বাজারে ছাড়তে হবে। এ সময়ের মধ্যে চাল বিক্রি করতে না পারলে তাঁদের লোকসান গুনতে হবে।’ খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, দুর্যোগকালীন সঙ্কট মোকাবিলার জন্য সরকারকে চাল কিনতে হচ্ছে। সরকার ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে তিন থেকে চার লাখ টন চাল আমদানি করবে। ইতিমধ্যে ৫০ হাজার টন চাল দেশে পৌঁছেছে। আরও ৯০ হাজার টন চাল পথে রয়েছে। খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘চাল আমদানির পাশাপাশি সরকার গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। প্রতি কেজি গম আমদানিতে ১৫ থেকে ১৬ টাকা খরচ পড়ে। এ ছাড়া গমে অধিক পরিমাণে প্রোটিনও থাকে। অনেক ধরনের খাবারে গম ব্যবহূত হচ্ছে। গ্রামের মানুষ এখনো তিন বেলা ভাত খায়। তাদের এক বেলা রুটি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’ কাবিখা ও টিআর কর্মসূচিতেও গম দেওয়া হবে জানান তিনি।