সংগ্রহমূল্য ধার্যের চার মাস পর উৎপাদন খরচ জানা গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বোরোর উৎপাদনে কেজিপ্রতি ১২ টাকা ৬৯ পয়সা খরচ পড়েছে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংগ্রহমূল্য ঠিক করার তিন-চার মাস পর গতকাল বিবিএস মিলনায়তনে আয়োজিত সেমিনারে উৎপাদন সম্পর্কিত বিবিএসের জরিপের ফল প্রকাশ করা হয়। বিবিএস কর্মকর্তাদের দাবি, জরিপের ফল প্রকাশে দেরি হলেও সরকার ভবিষ্যতে একে ভিত্তি হিসেবে ব্যবহার করে সংগ্রহমূল্য নির্ধারণ করতে পারবে। তবে সেমিনারেই কৃষিসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান বিলম্বে প্রকাশিত এই জরিপের ফলের কার্যকরতা নিয়ে প্রশ্ন তোলেন। সূত্র জানায়, ২০০৭ সালে শুরু হওয়া দুই কোটি ৮৯ লাখ টাকা ব্যয়সাপেক্ষ কৃষি দাগগুচ্ছ হালনাগাদকরণ এবং উৎপাদন খরচ জরিপ প্রকল্পের আওতায় বিবিএস বোরো ধান ও গমের উৎপাদন খরচ কত, তা নিয়ে এ জরিপ চালায়। এই প্রকল্পের আওতায় মোট ১০টি শস্যের উৎপাদন খরচ বের করার কথা। প্রকল্পের পরিচালক সেলিমা সুলতানা জানান, জরিপের কাজ খুবই সতর্কতার সঙ্গে করতে হয় এবং প্রক্রিয়ার সঙ্গে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকায় ফল প্রকাশ করতে কিছুটা দেরি হয়েছে। তবে এতে করে তথ্যগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েনি। কিন্তু বিবিএসের সচিব বেগম রীতি ইব্রাহীম সময়মতো জরিপের ফলাফল প্রকাশ করা প্রয়োজন বলে মন্তব্য করেন। সূত্র আরও জানায়, বিবিএস ১০০টি উপজেলায় জরিপ চালায় গত বছরের এপ্রিল-মেতে। জরিপে দেখা যায়, বোরো চাষে প্রতি একরে বালাইনাশক বাবদ ৪৫৫, নিড়ানিতে এক হাজার ৭৩৬, সেচে ছয় হাজার ৪৪৯, ফসল কাটায় দুই হাজার ২১০, মাড়াইতে ৮২০ ও জমি ভাড়ায় তিন হাজার ৮৮৭ টাকা খরচ হয়। এ ছাড়া এক কেজি গমের উৎপাদন খরচ আসে ১৫ টাকা ২৭ পয়সা। এ সময় বাজারে গমের দাম পাওয়া গেছে ১৫ টাকা ৫১ পয়সা। বিবিএসের এ জরিপের কিছু তথ্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন সেমিনারে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুন্নবী। তিনি জানান, এ বছর সরকার ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছিল প্রতি কেজিতে ১৭ টাকা। বাজারে সব সময়ই ধানের দাম সরকারের সংগ্রহমূল্যের চেয়ে বেশি থাকে। অথচ বিবিএস দেখাচ্ছে, স্থানীয় হাটে ধানের বিক্রয়মূল্য ১৪ টাকা ৪২ পয়সা। সভার আলোচকেরা একে একটি ‘বড় ধরনের অসংগতি’ বলে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, গমের উৎপাদন খরচ ও বাজারমূল্যে ২৪ পয়সার যে ব্যবধান, তাও গ্রহণযোগ্য নয়। বিবিএস জরিপে প্রতি একরে বোরোর উৎপাদন ৪৯ মণ বলে উল্লেখ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যানে তা প্রায় ৬০ মণ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান জরিপের কাজটি আরও বিস্তারিত হলে ভালো হতো বলে মন্তব্য করেন। অন্যদিকে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, এতে কৃষকদের লাভ-ক্ষতির ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন।