সংগ্রাম আর মুক্তির প্রতিচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্নির্মি​ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার l ছবি: প্রথম
পুনর্নির্মি​ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার l ছবি: প্রথম

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। বাঙালির সংগ্রাম আর নায্য অধিকার আদায়ের প্রতিটি ধাপে রক্তস্নাত হয়েছে এই মাটি। সবুজ-শ্যামল সমতল ভূমির এই জনপদ বারবার আন্দোলিত হয়েছে। এই ভাবনাই প্রাধান্য পেয়েছে পুনর্নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপত্য নকশায়।
গত বছরের ২২ ফেব্রুয়ারি হেফাজতে ইসলামের মিছিল থেকে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাঙচুর চালিয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছিল। ঘটনার কয়েক দিন পর স্থানীয় সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শহীদ মিনারে যান। এ সময় সংস্কৃতিকর্মীরা শহীদ মিনারটি বর্ধিত পরিসরে ও দৃষ্টিনন্দন নকশায় পুনর্নির্মাণের দাবি জানান। অর্থমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে নির্দেশ দেন।
শহীদ মিনার পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। ১০ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুনর্নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করবেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, ‘চেতনায় আন্দোলিত ভূমি থেকে জেগে ওঠা বাঙালির আবহমান সংগ্রামী ঐতিহ্য’—এটিকে মূল থিম (বিষয়বস্তু) ধরে দেশের শহীদ মিনার পুর্নির্মাণ করা হয়েছে।
শহীদ মিনারের দৃষ্টিনন্দন নকশা এঁকেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক শুভজিত চৌধুরী। তাঁর সহযোগী স্থপতি হিসেবে কাজ করেছেন স্থপতি কৌশিক সাহা, সিপাউল বর চৌধুরী, ধীমান চন্দ্র বিশ্বাস ও জিষ্ণু কুমার দাস। প্রকৌশলী হিসেবে কাজ করেছেন হুমায়ূন খান ও দেবাশীষ ভট্টাচার্য।
শহীদ মিনারের স্থপতি শুভজিত চৌধুরী বলেন, আন্দোলিত ভূমিকে শহীদ মিনারের মুখ্য বিষয়বস্তু হিসেবে হাজির করা হয়েছে। মাঝের স্তম্ভের ডানে-বাঁয়ে যে দুটি স্তম্ভ রয়েছে, সেগুলোতে জানালার মতো চারটি অংশ রয়েছে। এসব জানালায় বাঙালির মুক্ত জীবনকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে।
নকশাকারেরা জানান, শহীদ মিনার এলাকায় ৩৩ শতাংশ জায়গা রয়েছে। এর মধ্যে ৮ শতাংশ জায়গার মধ্যে শহীদ মিনার স্থাপিত হয়েছে। সমতল ভূমি থেকে ১০০ ফুট চওড়া আন্দোলিত ভূমি তৈরি করা হয়েছে। সেই আন্দোলিত ভূমি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভ। মাঝের স্তম্ভের উচ্চতা ৪৫ ফুট। তিনটি স্তম্ভের সম্মিলিত প্রস্থ ৩০ ফুট। স্তম্ভগুলো কংক্রিট দিয়ে তৈরি করে এর ওপর শ্বেতপাথর বসানো হয়েছে। মাঝের স্তম্ভে বসানো হয়েছে রক্তিম সূর্য। সূর্যোদয়ের মাধ্যমে নতুন দিনের কথা জানাতে সূর্যটি স্তম্ভে স্থাপন করা হরেয়ছে। স্টিলের তৈরি লাল রঙের এই সূর্যের ব্যাস সাড়ে পাঁচ ফুট।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানায়, মূল স্তম্ভের পাশাপাশি শহীদ মিনারকে ঘিরে মুক্তমঞ্চ, মহড়াকক্ষ, প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা হয়েছে। শহীদ মিনারের ডান দিকে মাটির নিচে তিন হাজার স্কয়ার ফুটের একটি সংগ্রহশালা রয়েছে। এখানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মারক, স্মৃতিচিহ্ন, বই, আলোকচিত্র প্রদর্শন করা হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, উদ্বোধনের আগেই শহীদ মিনারের নান্দনিক নির্মাণশৈলী দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন।
‘পুনর্নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদ’-এর সমন্বয়ক সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রীর একক প্রচেষ্টায় শহীদ মিনারটি পুনর্নির্মিত হয়েছে। শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা ছাড়াও স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেবেন।’