সংগ্রাম কমিটি করে একতরফা নির্বাচন প্রতিহত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে। এটা বুঝতে পেরে তারা সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। জনগণকে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে সংগ্রাম কমিটি করে একতরফা নির্বাচন প্রতিহত করা হবে।
গতকাল শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সরকারের দুর্নীতি ও অপশাসনের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে সদর উপজেলার বিএনপি এ জনসভার আয়োজন করে।
উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া, জেড এম মর্তুজা, সাবেক সাংসদ রেজওয়ানুল হক, পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ হোসেন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
মির্জা ফখরুল বলেন, জনগণকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর অঙ্গীকার করে ৩০ টাকায় খাওয়ানো হচ্ছে। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিচ্ছে। প্রতিবাদ করতে গেলে বিরোধী দলের ওপর চালানো হয় নির্যাতন। কোনো ধর্মের মানুষ এদের কাছে নিরাপদ নয়।
হেফাজতে ইসলামের আন্দোলন দমন সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ইসলাম ধর্মের নামে কটূক্তির প্রতিবাদ করতে ধর্মপ্রাণ আলেমরা শাপলা চত্বরে অবস্থান নিলে এই সরকার নির্মমভাবে গুলি ছুড়ে তাঁদের হত্যা করে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে পড়েছে। তারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছে। একের পর এক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। তাঁত ও বস্ত্রশিল্প মুখ থুবড়ে পড়েছে।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে এই বিএনপি নেতা বলেন, দেশে ক্ষুদ্রঋণ নিয়ে অনেক নারী স্বাবলম্বী হয়েছেন। ক্ষুদ্রঋণের প্রবক্তা ড. ইউনূস বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। এই সরকার তাঁকেও অপমান ও হেনস্তা করে গ্রামীণ ব্যাংক ধ্বংসের চেষ্টা চালাচ্ছে।
মির্জা ফখরুল আরও বলেন, মন্ত্রী ও সাংসদেরা বলে বেড়াচ্ছেন, যারা একতরফা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের শক্ত হাতে দমন করা হবে। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণের হাত দেখেননি। তাদের হাত যে কতটা শক্ত, তা একতরফা নির্বাচন করতে গেলেই টের পাবেন।’