সংগ্রাম কার্যালয়ে হামলার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সংগ্রাম-এর কার্যালয়ে ও সাংবাদিক শফিক রেহমানের বাসভবনে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। গতকাল সোমবার এক বিবৃতিতে তাঁরা এ নিন্দা জানান।

বিবৃতিতে তাঁরা জানান, এ হামলা গণমাধ্যম, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা অর্জনে এ দেশের সাংবাদিক সমাজের ত্যাগ রয়েছে। তাঁরা বোমা হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে দৈনিক সংগ্রাম কার্যালয়ে বোমা হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। বিবৃতিতে বলা হয়, ওই ঘটনা স্বাধীন গণমাধ্যম ও মত প্রকাশের ওপর বর্বর আক্রমণ।

আজ সমাবেশ: সংগ্রাম কার্যালয়ে হামলার প্রতিবাদে বিএফইউজের একাংশ ও ডিইউজের একাংশের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।