সংগ্রাম চালিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘যেভাবে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে পার্বত্য চুক্তি স্বাক্ষরে বাধ্য করেছি, সেভাবে চুক্তি বাস্তবায়নেও বাধ্য করতে হবে।’রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে গতকাল বৃহস্পতিবার আয়োজিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৫তম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে সন্তু লারমা এ আহ্বান জানান। সন্তু লারমা অভিযোগ করেন, বর্তমান সরকারের ১৬ মাস সময়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নে ইতিবাচক কোনো কিছু দেখা যাচ্ছে না। পার্বত্য চুক্তি যেন হারিয়ে যায়, সব সরকার সেভাবে এগিয়ে গেছে।সন্তু লারমা বলেন, স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চেয়েছিল। কিন্তু ১৯৭২ সালের সংবিধানে স্বীকৃতি না দেওয়ায় অস্তিত্বের প্রয়োজনে সংগ্রাম চালাতে হয়েছে। কিছুদিন আগেও আদালতের মাধ্যমে আদিবাসীদের স্বীকৃতিকে অগ্রাহ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) আবারও নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে সন্তু লারমা বলেন, ‘এই সন্ত্রাসী সংঠন গঠনের পর ১২ বছরে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের ৯৫ জনকে হত্যা করেছে। সরকার ইউপিডিএফকে নিষিদ্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে যেখানে যা করা প্রয়োজন তা করা হবে।’ পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা ‘অপারেশন উত্তরণ’ প্রত্যাহারেরও দাবি জানান তিনি। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি উদয়ন ত্রিপুরার সভাপতিত্বে পরিষদের সাবেক সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমাসহ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাশে আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও উত্তরবঙ্গ আদিবাসী ছাত্র পরিষদের প্রতিনিধিরা বক্তব্য দেন।