সংগ্রাম রুখতে আইন করছে সরকার: ফখরুল

জনগণ যাতে কোনোভাবেই অধিকার আদায়ের সংগ্রাম করতে না পারে, সেজন্য সরকার বিভিন্ন আইন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় ফখরুল এই অভিযোগ করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ওই আলোচনার আয়োজন করে।
সভায় মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকার গণতন্ত্রের লেবাস রেখে গণতন্ত্রকে হত্যার সব আয়োজন সম্পন্ন করেছে। তিনি বলেন, সরকার আইন করতে যাচ্ছে, সভা-সমাবেশ, মিছিল করতে হলে ১০ দিন আগে অনুমতি নিতে হবে। অন্যথায় কোনো গাড়ি ভাঙচুর হলে ৭ থেকে ১৪ বছরের জেল হবে।
তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে নতুন সম্প্রচার নীতিমালা করছে। সরকারের এসব উদ্যোগের প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে রাস্তায় নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কর্মীদের।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রতিবাদ, ধিক্কারের মুখে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তিনি জাতিসংঘে যাবেন। প্রধানমন্ত্রী ও সরকার এখন কী অবস্থায় আছে তা বুঝতে কষ্ট হয় না। তিনি বলেন, জাতিসংঘে যাওয়ার বিষয়ে যেভাবে এক দিনে সিদ্ধান্ত বদল হয়েছে, তেমনি সিদ্ধান্ত পাল্টে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রীকে জনগণের কাছে মাথানত করতে হবে।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে বেকায়দায় ফেলে দলীয় সরকারের অধীনে নির্বাচনে নিয়ে যেতে দলের একটি প্রতিক্রিয়াশীল চক্র সক্রিয়। তিনি বলেন, ‘অতীতে তাদের আমরা ক্ষমা করেছি, ভুলে গেছি, আবার তাদের প্রতিষ্ঠিত করেছি। তারা যে আবার আঘাত হানবে না, তার নিশ্চয়তা নেই।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রমুখ অংশ নেন।