সংগ্রাম সম্পাদকসহ চারজনকে জবাব দিতে হবে ২৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারাধীন বিষয়ে বক্তব্য দেওয়া এবং তা প্রকাশের জন্য জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম-এর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুলের জবাব দেওয়ার জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ দিন ধার্য করেন। ৩ আগস্ট ট্রাইব্যুনাল এ রুল জারি করেছিলেন।
ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে গতকাল সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, পত্রিকাটির রংপুর প্রতিনিধি মো. নুরুজ্জামান এবং সাক্ষাৎকার দেওয়া দুজন রংপুরের বদরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার একরামুল হক ও বৃহত্তর রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান সরকার ট্রাইব্যুনালে হাজির হন। প্রথম তিনজনের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। আজিজুর রহমান নিজের পক্ষে শুনানি করবেন বলে জানান। বিবাদীপক্ষ রুলের জবাব দিতে সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল ২৬ অক্টোবর দিন ধার্য করেন।
৩ আগস্ট জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষী আনোয়ারুল হক জবানবন্দি দেন। ওই সময় তিনি সংগ্রাম-এ প্রকাশিত দুটি সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন ট্রাইব্যুনালে নথি হিসেবে দাখিল করেন। গত বছরের ২৭ ডিসেম্বর ও চলতি বছরের ২৬ জানুয়ারি সংগ্রাম-এ প্রকাশিত ওই প্রতিবেদন দুটি সম্পর্কে ট্রাইব্যুনাল বলেন, বিচারাধীন মামলা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা যায় না। এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর। অথচ একটি প্রতিবেদন পরদিন ২৭ ডিসেম্বর ছাপা হয়েছে, অন্যটি এ বছর। তাই এ দুটি প্রতিবেদন ট্রাইব্যুনাল নথি হিসেবে গ্রহণ করতে পারেন না। বরং বিচার চলাকালে মামলা নিয়ে বক্তব্য কেন দেওয়া হয়েছে এবং তা ছাপা হয়েছে, তা জানতে রুল জারি করা হচ্ছে। পরে ট্রাইব্যুনাল চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল দিয়ে ১৮ আগস্ট ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেন।