বিচারাধীন বিষয়ে বক্তব্য দেওয়ায় এবং তা প্রকাশ করায় জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম-এর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাঁদের ২০ আগস্ট ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ চলছিল।
গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আজহারের পক্ষে প্রথম সাক্ষী আনোয়ারুল হক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, আজহারুল ইসলাম ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। তিনি আজহারুলের শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন সনদের অনুলিপিসহ অন্য সাক্ষ্য-প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এ সময় তিনি সংগ্রামে প্রকাশিত দুটি প্রতিবেদন দাখিল করেন। এর মধ্যে গত বছরের ২৭ ডিসেম্বর সংগ্রামে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধকালে আজহারের বিরুদ্ধে আনীত হত্যাকাণ্ডের অভিযোগ ভিত্তিহীন’ শীর্ষক একটি প্রতিবেদনে বদরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার একরামুল হকের সাক্ষাৎকার ছাপা হয়। অন্য প্রতিবেদনটি ছাপা হয় এ বছরের ২৬ জানুয়ারি। ‘৬৯ থেকে ’৭৪ সাল পর্যন্ত কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্রনেতা ছিল না’ শীর্ষক ওই প্রতিবেদনে ছাপা হয় বৃহত্তর রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান সরকারের সাক্ষাৎকার। দুটি প্রতিবেদনই করে সংগ্রাম-এর রংপুর জেলা কার্যালয়।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, বিচারাধীন মামলা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা যায় না। এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর। অথচ একটি প্রতিবেদন পরদিন ২৭ ডিসেম্বর ছাপা হয়েছে, অন্যটি এ বছর। তাই এ দুটি প্রতিবেদন ট্রাইব্যুনাল নথি হিসেবে গ্রহণ করতে পারেন না। বরং বিচার চলাকালে মামলা নিয়ে বক্তব্য কেন দেওয়া হয়েছে এবং তা কেন ছাপা হয়েছে, তা জানতে রুল জারি করা হচ্ছে।
পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ ও পত্রিকাটির রংপুর প্রতিনিধি এবং সাক্ষাৎকার দেওয়া একরামুল হক ও আজিজুর রহমান সরকারের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার ব্যাখ্যা দিতে ২০ আগস্ট ট্রাইব্যুনালে হাজির হতে হবে।
এদিকে জবানবন্দি শেষে আসামিপক্ষের সাক্ষী আনোয়ারুল হককে জেরা শুরু করে রাষ্ট্রপক্ষ। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
গত ৭ জুলাই এ মামলায় আসামিপক্ষে চারজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন ট্রাইব্যুনাল। ১৩ জুলাই আসামিপক্ষের সাক্ষ্য শুরুর কথা থাকলেও পরে ৩ আগস্ট দিন পুনর্নির্ধারণ করা হয়।
গত বছরের ২৬ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ ১৯ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন।