সংগ্রাম সম্পাদকসহ চারজনকে ২০ আগস্ট তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন বিষয়ে প্রতিবেদন ছাপানোয় দৈনিক সংগ্রাম সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২০ আগস্ট সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে এ বিষয়ে তাঁদের ব্যাখ্যা দিতে হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। কিন্তু সম্প্রতি এ বিষয়ে দৈনিক সংগ্রাম পত্রিকায় দুজন ব্যক্তির সাক্ষাত্কার ছাপা হয়েছে। সাক্ষাত্কারে ওই দুজন দাবি করেছেন, এ টি এম আজহার একাত্তরে রংপুরে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না।
ট্রাইব্যুনাল বলেন, মামলা চলাকালে আসামির বিষয়ে কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করতে পারেন না। এ জন্য দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, পত্রিকাটির রংপুর প্রতিনিধি এবং ওই দুই সাক্ষাত্কার প্রদানকারীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার ব্যাখ্যা দিতে হবে। ২০ আগস্ট তাঁদের সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।