সংগ্রামী জীবনের গল্প শোনালেন গভর্নর

১৯৬৫ সাল! অজপাড়াগাঁয়ের দ্ররিদ্র পরিবারের এক ছেলে। নিজের মেধা আর যোগ্যতায় ভর্তির সুযোগ পেলেন ক্যাডেট কলেজে। কিন্তু গ্রাম ছেড়ে শহরে পড়তে যাওয়ার টাকা নেই। গ্রামের স্কুলের শিক্ষকেরা হাটে চাঁদা তুলে জোগাড় করে দিলেন প্রথম তিন মাসের খরচ ১৫০ টাকা। তার পরের গল্পটুকু কেবলই অনুপ্রেরণার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর লন্ডন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করলেন ছেলেটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে এখন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
নিজের জীবনের এমন সংগ্রামী গল্প রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শোনালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। শুধু গল্পই শোনালেন না, দেখালেন স্বপ্ন। বললেন, দারিদ্র্যকে ভয় পেলে চলবে না। দারিদ্র্যের ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে। আজ যাঁরা তরুণ, তাঁদের আগামী দিনে দেশকে নেতৃত্বদানের জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।
গতকাল শনিবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত ‘জীবনের কথা, অর্থনীতির কথা’ শীর্ষক গণবক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে আয়োজিত এই গণবক্তৃতা শোনেন বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। পাঠক ফোরামের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ হাসনাত।
আতিউর রহমান বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষকেরা সেদিন যে ১৫০ টাকা জোগাড় করে দিয়েছিলেন, আজ ৭০০ কোটি টাকা দিয়েও তা শোধ হওয়ার নয়। তাই আমি সারা জীবন কাজ করেছি সাধারণ মানুষদের নিয়ে। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে না যায়, সে জন্য আমরা প্রতিটি ব্যাংকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসতে বলেছি। প্রতিটি ব্যাংকই এগিয়ে আসছে। এখন অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থী শিক্ষাবৃত্তি নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করছে।’
বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, ’১০ টাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা টাকা জমা করছে। যে টাকা দিয়ে পরবর্তী সময়ে সে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করতে পারবে।’
বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে আতিউর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতির গল্প এখন শুধু বাঙালির কাছেই নয়, সারা পৃথিবীর কাছে এক কৌতূহলের বিষয়। তারা জানতে চায়, কী এমন ঘটেছে বাংলাদেশের অর্থনীতিতে, যার ফলে বিশ্বমন্দার মধ্যেও দেশটি এক দশক ধরে গড়ে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। আন্তর্জাতিক একটি জরিপ সংস্থাকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘পৃথিবীতে এখন সবচেয়ে আশাবাদী মানুষ বাংলাদেশ এবং অর্থনৈতিক সম্ভাবনার বিচারে আমাদের অবস্থান এখন দ্বিতীয়।’ গভর্নর বলেন, গত বছর বাংলাদেশ ‘নিম্ন আয়ের দেশের’ গ্লানি ঘুচে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করেছে। এখন এগিয়ে চলেছে পুরোপুরি মধ্যম আয়ের দেশ হওয়ার প্রত্যয়ে।