সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হন ছেনোয়ারা বেগম। শুরু হয় তাঁর সংগ্রামী জীবন। প্রথমে অন্যের বাড়িতে কাজ করেছেন, পরে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেন চালের ব্যবসা। আজ তিনি পাঁচ একর জমির মালিক। এই সাহসী সফল নারী এবার হয়েছেন জয়িতা।
চট্টগ্রাম বিভাগীয় ‘জয়িতার অন্বেষণে বাংলাদেশ’ অর্থনৈতিক সফলতা অর্জনকারী নারী হিসেবে তাঁকে স্বীকৃতি দিয়েছে। ছেনোয়ারার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ায়। গত ২৫ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে দেশের সাত বিভাগে এ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ মহিলাবিষয়ক অধিদপ্তর। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
পাঁচটি ক্যাটাগরিতে ছেনোয়ারার মতো মোট পাঁচজন নারী অর্জন করেছেন ‘জয়িতা’ সম্মান। বাকি চারজন হলেন শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী ফেনীর বিবি ফাতেমা, সফল জননী চাঁদপুরের রহিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী রাঙামাটির পূর্ণ শোভা চাকমা এবং সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখার জন্য খাগড়াছড়ির রোজী আক্তার।
২৭ বছর বয়সী বিবি ফাতেমার জীবনগল্পও অসাধারণ সংগ্রামের। মায়ের সঙ্গে অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ফাতেমা। নিজের চেষ্টায় সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণী পাওয়ার পর তিনি এখন চৌদ্দগ্রামের একটি কলেজে শিক্ষকতা করছেন। অনুষ্ঠানে ফাতেমা বলেন, ‘যে দারিদ্র্য একসময় আমার জন্য লজ্জার ছিল, এখন আমি তার জন্য গর্ব অনুভব করি।’
সফল জননী রহিমা বেগম মাত্র ২৬ বছর বয়সে বিধবা হন। অভাবের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে পাঁচ সন্তানকে উচ্চশিক্ষিত করেছেন। তাঁর দুই ছেলে বিসিএস ক্যাডার কর্মকর্তা, দুই মেয়ে স্কুলশিক্ষিকা আর ছোট মেয়ে এমএসএস অধ্যয়নরত।
পূর্ণ শোভা চাকমার স্বামী ১৯৮৭ সালে শান্তিবাহিনীর হাতে নিহত হন। দুই বছর পর পাহাড়ি-বাঙালি দাঙ্গায় বড় সন্তানকে হারান, নিজেও আহত হন। পরে বিভীষিকাময় সময়গুলো পেছনে ফেলে ছোট সন্তানকে নিয়ে নতুন করে বাঁচতে শুরু করেন। বর্তমানে তাঁর ছেলে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় আছেন।
নিজে শারীরিক প্রতিবন্ধী হয়েও পরিবার ও সমাজের বোঝা হননি রোজী আক্তার। সেলাই শিখে নিজে স্বাবলম্বী হয়েছেন, সংগঠন তৈরি করে সমাজের দুস্থ ও হতদরিদ্র নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন। ২০১১ সালে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এই নারী।
অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ বলেন, ‘জয়িতা হিসেবে যাঁরা নির্বাচিত হলেন, তাঁরা এ দেশের সংগ্রামী নারীদের প্রতীকী নাম। জীবনসংগ্রামে জয়ী এসব নারীকে সম্মানিত করে মূলত আমরাই সম্মানিত হয়েছি।’ অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফরিদ আহমেদ ভূঁইয়া, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক জাফর আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান প্রমুখ। প্যানেলিস্ট ছিলেন শহীদজায়া মুশতারি শফি, সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। জয়িতাদের প্রত্যেককে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এ ছাড়া মনোনীত সব জয়িতাকেও সনদ দিয়ে সম্মানিত করা হয়েছে। কর্মসূচির মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রথম আলো ও রেডিও ভূমি।