সংগ্রামী ফাতেমার অনন্য সাফল্য
ফাতেমা খাতুন। সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় গরিব বাবা ঘাড় থেকে বোঝা কমানোর লক্ষ্যে তাঁকে বিয়ে দেন। লেখাপড়া করে বড় হওয়ার ইচ্ছা প্রকাশ করে বিয়ে না করার জন্য অনেক কেঁদেছিলেন ফাতেমা। কিন্তু অভাবের কারণে বাবা তা শোনেননি।
চার বছর সংসার করার পর তিন বছরের এক সন্তান সঙ্গে নিয়ে স্বামী পরিত্যক্তা হয়ে বাবার ঘরে ফিরে আসেন ফাতেমা।
এবার বোঝার ওপর শাকের আঁটি (নাতি) নিয়ে ফিরে এলেন মেয়ে। বাবা প্রমাদ গোনেন। কদিন পরই ফাতেমার তিন বছরের সন্তানকে তার (শিশুর) বাবার কাছে ফিরিয়ে দিয়ে এলেন ফাতেমার বাবা। এবারও অনেক কাঁদলেন ফাতেমা। দুঃখে-হতাশায় অভিমান হলো ফাতেমার। মনে মনে প্রতিজ্ঞা করলেন বাবার ঘাড়ে আর বোঝা হবেন না তিনি। লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবেনই। শুরু হলো তাঁর সংগ্রাম।
গ্রামের শিশুদের প্রাইভেট পড়িয়ে আয় করা শুরু করেন এবং গোমস্তাপুর আবদুল হামিদ উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হন ফাতেমা। সেখান থেকে ২০১৩ সালে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৮৫ পান তিনি।
এরপর প্রাইভেট পড়িয়ে নিজের অন্নসংস্থানের পাশাপাশি দরিদ্র পরিবারকে সহযোগিতাও করেন। এভাবে পড়াশোনাও চালিয়ে যান ফাতেমা। এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি।
গোমস্তাপুর উপজেলার দোসিমনি গুচ্ছ গ্রামের দিনমজুর আবুল কালাম আজাদের মেয়ে ফাতেমা খাতুন। তিনি গোমস্তাপুর বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেন।
কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ফাতেমার মতো সংগ্রামী মেয়ে আর হয় না। কঠোর সংগ্রাম করেই সে লেখাপড়াটা চালিয়ে গেছে। সে কোনো প্রাইভেট পড়েনি। তাঁর উচ্চশিক্ষার সুযোগ পাওয়া উচিত। পেলে সে অনেক ভালো করবে।’
সম্প্রতি ফাতেমার বাড়ি গেলে প্রতিবেশী নারীরা এগিয়ে আসেন। এ সময় মুক্তারা বেগমসহ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা ফাতেমার সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন। মুক্তারা বেগম বলেন, আমাদের গ্রামসহ আশপাশের এলাকায় ফাতেমার মতো এমন সংগ্রামী মেয়ে আর একটাও নেই। প্রাইভেট পড়িয়ে নিজের খরচ তো চালাচ্ছেনই, পাশাপাশি পরিবারকেও সাহায্য করছেন। খেয়ে না খেয়ে লেখাপড়াটাও করেছেন ভালোভাবে। গ্রামের মায়েরা নিজের ছেলেমেয়েদের উপদেশ দিতে ফাতেমার উদাহরণ তুলে ধরেন। এ সময় পাশে থাকা ফাতেমার চোখ দুটি ভিজে ওঠে। তবে ফাতেমার বাবাকে বাড়িতে পাওয়া যায়নি।
মা রোজিনা বেগম কেঁদে কেঁদে বলেন, ‘ছোটবেলায় বিয়ে দিয়ে আমরা তার ওপর চরম অন্যায় করেছি। অথচ সেই মেয়েই এখন আমাদের সাহায্য করছে। ওর বাবা দুদিন দিনমজুরি করে তো পাঁচ দিন বসে থাকে। অসুস্থতার কারণে আয়ের টাকা ওষুধ কিনতেই শেষ হয়।’
ফাতেমা বলেন, ‘আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু কীভাবে লক্ষ্যে পৌঁছাব জানি না। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন।’