সংগ্রামী হাবিবার স্বপ্নের ঘর ভেঙে গেছে ঝড়ে
নানা ঘাত-প্রতিঘাত আর সামাজিক শৃঙ্খল ভেঙে ক্রমে নিজের জীবন সফল করে তোলা সেই নারী হাবিবা আক্তারের স্বপ্ন এবার নিষ্ঠুর হাতে ভেঙে দিল খোদ প্রকৃতি। গত রোববার সিলেটের বিয়ানীবাজার উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী কালবৈশাখীতে ভেঙে গেছে তাঁর নির্মাণাধীন ঘরটি। আজ বৃহস্পতিবার পরিবারের সদস্যদের নিয়ে তাঁর এই ঘরে ওঠার কথা ছিল।
উপজেলার খশির আবদুল্লাপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবাকে নিয়ে গত ১ মার্চ প্রথম আলোয় শনিবারের বিশেষ প্রতিবেদন ‘শৃঙ্খল ভেঙেছেন হাবিবা’ প্রকাশিত হয়। হার না মানা এই নারী সমাজের নানা কুসংস্কার আর প্রতিবন্ধকতার বিরুদ্ধে পথ চলতে চলতে সফল, সুখী একটি জীবনের খুব কাছে পৌঁছে যান।
একসময় পরের বাড়িতে চেয়েচিন্তে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতেন হাবিবা। সমাজপতিদের শোষণ-লাঞ্ছনার শিকার হয়ে গ্রামও ছাড়তে হয়। যৌতুক দিতে না পারায় স্বামীও ছেড়ে যান তাঁকে। সেই অবস্থা থেকে নিজের সাহস ও চেষ্টায় ভর করে হাবিবা পেয়েছিলেন আর্থিক সচ্ছলতা। নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন একাধিক বিউটি পার্লার ও টেইলার্সের দোকান। ১৭ দরিদ্র নারীর কর্মসংস্থান জুগিয়েছেন।
বাবার পরিবারের সঙ্গেই থাকতেন হাবিবা। বাবা অসুস্থ হওয়ায় ছয় সদস্যের এই পরিবারের ভরণপোষণ হাবিবাই জোগাতেন। বাবার ইচ্ছানুযায়ী গ্রামে ১৫ শতক জমি কিনেছিলেন এই নারী। সেখানে মাস খানেক আগে একটি চারচালা টিনের ঘর নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণকাজ প্রায় শেষ। কিন্তু গত রোববারের প্রলয়ংকরী ঝড়ে চাল উড়ে, খুঁটি উপড়ে গিয়ে ঘরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হাবিবা বলেন, ‘নিজের পরিশ্রম আর সততার টাকায় বানিয়েও সেই ঘরে আমি এক দিনও থাকতে পারলাম না। ঝড় আমাকে নিঃস্ব করে দিল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে হাবিবার পাশে দাঁড়ানো হবে।’