সংগ্রামের পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
জামায়াতে ইসলামীর মুখপাত্র দৈনিক সংগ্রাম-এর বিরুদ্ধে আদালত অবমাননা রুলের বিষয়ে আদেশের জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার শুনানি শেষে এ দিন ধার্য করেন।সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ ও ফেনী প্রতিনিধি এ কে এম আবদুর রহিম এবং ফেনীর ১০ জন আইনজীবীর পক্ষে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তাঁদের আইনজীবী।গত ১ এপ্রিল সংগ্রাম-এর তৃতীয় পৃষ্ঠায় ‘পুলিশকে দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীর আইনজীবীগণ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে নাম ছাপা হওয়া ১২ আইনজীবী, সংগ্রাম-এর সম্পাদক ও ফেনী প্রতিনিধির বিরুদ্ধে ট্রাইব্যুনাল পরদিন রুল জারি করে তাঁদের গতকাল সশরীরে হাজির হওয়ার আদেশ দেন।আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল আবুল আসাদ, আবদুর রহিম এবং ফেনী আইনজীবী সমিতির ১০ জন সদস্য ট্রাইব্যুনালে হাজির হন। তাঁদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। শুনানিতে তিনি দাবি করেন, ফেনী আইনজীবী সমিতির কোনো সদস্য ওই ধরনের বিবৃতি দেননি। সংগ্রাম-এর ফেনী প্রতিনিধিও ওই ধরনের কোনো প্রতিবেদন কার্যালয়ে পাঠাননি। তাঁর ই-মেইল ঠিকানা থেকে ওই প্রতিবেদন সংগ্রাম কার্যালয়ে যাওয়ায় ‘ভুলক্রমে’ তা ছাপা হয়েছে। এ জন্য তিনি সংগ্রাম ও আইনজীবীদের পক্ষে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল মালুম বলেন, সংগ্রাম-এর ফেনী প্রতিনিধির বক্তব্য অসত্য।