জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম-এর প্রকাশক ও সম্পাদক, পত্রিকাটির ফেনী সংবাদদাতা এবং ফেনীর ১২ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৬ এপ্রিল তাঁদের সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, দৈনিক সংগ্রাম-এর তৃতীয় পৃষ্ঠায় আজ (গতকাল সোমবার) প্রকাশিত ‘পুলিশকে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীর আইনজীবীগণ’ শীর্ষক প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে এসেছে। প্রতিবেদনটি পড়ে মনে হয়েছে, এর কিছু অংশ ট্রাইব্যুনালের জন্য অবমাননাজনক এবং এই অংশ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারা লঙ্ঘন করে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় পুলিশের কাছে দেওয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলার বিশিষ্ট আইনজীবীগণ।.....এই ধরনের বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণের মাধ্যমে প্রমাণিত হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল একটি দলীয় ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে কোনো মানুষ ন্যায়বিচার পাবে না। তাই অবিলম্বে ১৫ সাক্ষীর দেওয়া বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে তা প্রত্যাখ্যান এবং দলীয় ট্রাইব্যুনাল বাতিল করে নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তিদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা।’ ট্রাইব্যুনাল মনে করেন, ‘দলীয় ট্রাইব্যুনাল’ উল্লেখ করার মধ্য দিয়ে বক্তারা এই আদালত সম্পর্কে মানুষকে ভুল ধারণা দিচ্ছেন এবং এ ধরনের কথা যাঁরা বলেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যাঁরা এ ধরনের বক্তব্য দিয়েছেন, তাঁরা সবাই ফেনী জেলা আইনজীবী সমিতির সদস্য এবং আইনজীবীদের এ ধরনের বক্তব্যে ট্রাইব্যুনাল আশ্চর্য হয়েছেন।ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, ১৬ এপ্রিল দৈনিক সংগ্রাম-এর প্রকাশক ও সম্পাদক আবুল আসাদ এবং পত্রিকাটির ফেনী সংবাদদাতা, ফেনীর আইনজীবী সফিউল আলম, নুরুল ইসলাম, আশ্রাফুল হক ভূঁঞা, মাঈনউদ্দিন, মোতাছাম বিল্লাহ, গোলাম সরোয়ার, বেলায়েত হোসেন, কামাল উদ্দিন, আমিনুল হক, এমদাদুল হক, আবদুল কাইয়ুম ও মো. হাসানকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তাঁদের বিরুদ্ধে কেন ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ধারা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ওই দিন ব্যাখ্যা দিতে হবে।১১(৪) ধারা অনুসারে, কোনো ব্যক্তি যদি এমন কিছু করেন, যাতে ট্রাইব্যুনালের কোনো সদস্য বা ট্রাইব্যুনালের প্রতি ঘৃণা বা অবমাননা প্রকাশ করে, সে ক্ষেত্রে সেই ব্যক্তিকে ট্রাইব্যুনাল সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন।