চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির সংবাদ সম্মেলন
সংঘবদ্ধ অপরাধীরা আরও বড় ঘটনার সুযোগ খুঁজছে
কক্সবাজার জেলার রামুতে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। ধরপাকড়েও হামলাকারীরা ভীত নয়। অপরাধীরা ঐক্যবদ্ধ এবং তারা আরও বড় ঘটনা ঘটাতে পারে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশঙ্কা ব্যক্ত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। গত শনিবার রামুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কমিটির নেতারা স্থানীয় সাংসদ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে অনুপম সেন বলেন, এ ঘটনা পূর্বপরিকল্পিত। হামলাকারীরা কতটা শক্তিশালী তা বোঝা যায় স্বরাষ্ট্রমন্ত্রী রামু থেকে ফিরে আসার পর আবার উখিয়ায় হামলার মধ্য দিয়ে। সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বলেন, ‘মানুষ যে কত নির্মম ও নিষ্ঠুর হতে পারে তা রামুর ঘটনাস্থল না দেখলে বোঝা যাবে না। সেখানে প্রাচীন ঐতিহ্যবাহী বুদ্ধমূর্তি, পুঁথিসহ গুরুত্বপূর্ণ নিদর্শন পুড়ে গেছে। এ ঘটনার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর ইন্ধন থাকতে পারে। এ ঘটনার সঙ্গে যুদ্ধাপরাধীদেরও একটা যোগসূত্র আছে।’সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শওকত বাঙ্গালী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘একটি বিষয় উল্লেখযোগ্য, রাত আটটা থেকে মিছিল শুরু হলেও রাত ১০টার দিকে মিছিল একপ্রকার শেষ হয়ে যায়। রাত ১২টা নাগাদ স্থানীয় সাংসদ বিশাল বহর নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরও ঘণ্টা খানেক পর বাস, ট্রাক ও জিপ নিয়ে হাজার হাজার লোক ঘটনাস্থলে আসে। তারপর শুরু হয় ধ্বংসযজ্ঞ।’ঘটনাস্থল পরিদর্শনকারী দলের সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার বলেন, এ ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা ফুটে উঠেছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় পরিষদ সদস্য মো. জোবায়ের প্রমুখ।