সংঘবদ্ধ চক্র জড়িত বলে পুলিশের সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রতিমার স্বর্ণ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে এখনো অন্ধকারে আছে পুলিশ। তবে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এই চুরির ঘটনার সঙ্গে সংঘবদ্ধ কোনো চক্র জড়িত। তাই এ ধরনের চুরির সঙ্গে জড়িত চক্রগুলোকে শনাক্ত করার চেষ্টা করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ঢাকেশ্বরী মন্দিরের চুরির মামলাটি থানার পুলিশের পাশাপাশি ডিবিও তদন্ত করছে। ডিবির একটি সূত্র জানায়, ঢাকেশ্বরী মন্দিরে চুরির পর নারায়ণগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গায় মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি হয়েছে। এসব চুরির ধরন একই রকম। তাই এ ধরনের স্বর্ণ চুরিতে যুক্ত সংঘবদ্ধ চক্র সম্পর্কে গোয়েন্দা তৎপরতা চালিয়ে এ পর্যন্ত পাঁচ-ছয়টি চক্রের সম্পর্কে তথ্য পেয়েছে ডিবি। এখন এসব চক্রসহ অন্য তদন্ত সূত্রগুলোকে ধরে তদন্ত চালানো হচ্ছে। এদিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহমূলক একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মন্দিরের প্রহরী আনিস, পুরোহিত রতন চক্রবর্তীসহ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।তবে এ ঘটনার সঙ্গে মন্দিরের কারও জড়িত থাকার সম্ভাবনা কম বলে মনে করছে পুলিশ। গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটিয়েছে। এর আগে গত ১২ ও ২২ ডিসেম্বর রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও ওয়ারী থানার জয়কালী মন্দিরে একই কায়দায় একই ধরনের চুরি হয়। এ থেকে পুলিশের ধারণা, একটি দলই এসব চুরির সঙ্গে জড়িত।৮ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা ঢাকেশ্বরী মন্দিরের তালা ভেঙে প্রতিমার ২০০ ভরি সোনার গয়না, দুটি প্রণামী বাক্স থেকে সাড়ে চার লাখ টাকা এবং কিছু মূল্যবান সামগ্রী চুরি করে।