১৮-দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিনে গতকাল সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। বরিশালে গত রোববার রাতে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন অবরোধ-সমর্থকেরা। উজিরপুরে যাত্রীবাহী মিশুকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। ভোলায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচন কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:


নাটোর: বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে শহরের আলাইপুরের দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি উত্তরা সুপার মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় কয়েকটি গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তালুকদার গুলিবিদ্ধ ও এক কলেজছাত্র আহত হন। বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-২ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম সমর্থকদের নিয়ে পুরোনো বাসস্ট্যান্ড থেকে মনোনয়নপত্র দাখিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন। তাঁরা কানাইখালি ফায়ার সার্ভিস অফিসের কাছাকাছি পৌঁছালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে র্যাব ও বিজেপির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের স্থানীয় মিড মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গুলিবিদ্ধ শফিকুজ্জামান ওরফে সুজন (২৮) মারা যান। তিনি শহর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এবং কানাইখালি এলাকার সালামত আলীর ছেলে। এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি আজ মঙ্গলবার থেকে তিন দিনের হরতাল আহ্বান করেছে।
বরিশাল: গতকাল সকাল সোয়া ছয়টায় নগরের বিসিক শিল্প এলাকায় ছাত্রশিবিরের কর্মীরা অবরোধ এবং বিক্ষোভের চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে পুলিশ। সেখান থেকে শিবিরের এক কর্মীকে আটক করা হয়। সকাল সাতটায় বান্দ রোড, নবগ্রাম রোড, কালীজিরা এলাকায় গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। সকালে নগরের নথুল্লাবাদ এবং সিঅ্যান্ডবি রোড এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
এ ছাড়া গত রোববার রাত নয়টায় উজিরপুরের বামরাইল এলাকায় যাত্রীবাহী একটি মিশুকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মিশুকচালক মো. সুলতান দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় সুলতানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় নগরের হাসপাতাল রোড এলাকায় একটি ইজিবাইকে আগুন দেয় দুর্বৃত্তরা। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে বেগুনবোঝাই একটি ট্রাক পুড়িয়ে দেন অবরোধকারীরা।
গতকাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল করেনি। ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীসংকটের কারণে কমসংখ্যক লঞ্চ চলাচল করেছে।

ভোলা: সদর উপজেলার ঘুইংঘার হাট এলাকায় গতকাল সকালে অবরোধকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়। সকাল ১০টার দিকে ভোলা সদরের বেপারির দোকান এলাকা থেকে পুলিশ জেলা ওলামা দলের সাবেক সভাপতি আবু নোমানকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি মিছিল বের করে।
অবরোধকারীরা ইট, ককটেল নিক্ষেপ করে ও সড়কে আগুন জ্বালিয়ে দেয়। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত সংঘর্ষের সময় ভোলা শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ৫৫ জন আহত হন। পুলিশের লাঠিপেটায় সময় টিভির ক্যামেরাম্যান উৎপল দেবনাথ ও চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরাম্যান বিপ্লবের মাথা ফেটে গেছে।
পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ৪৫টি কাঁদানে গ্যাসের শেল ও ৬৫টি রাবার বুলেট নিক্ষেপ করেছে এবং পাঁচজনকে আটক করেছে।
রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কার্যালয় লক্ষ্য করে রোববার রাত সোয়া ১১টার দিকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
মাগুরা: মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গতকাল দুপুরে মহাসড়ক অবরোধ করে এরশাদের কুশপুত্তলিকা দাহ করার সময় পুলিশ অবরোধকারীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ অন্তত ১৫টি গুলি ছুড়ে।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে গতকাল সকালে মিছিল করেছেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। মিছিল থেকে একটি বাসে ভাঙচুর এবং শহরের ডাকবাংলো মোড় ও শেরেবাংলা পাঠাগারের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।