সংঘর্ষ, অবরোধ শেষে শহীদ মিনারে ম্যাটসের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে রাজধানীতে আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীরা এবার সড়ক ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আহত হন বেশ কয়েকজন। এরপর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনের রাস্তা পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন।

সংঘর্ষের সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়লে শিক্ষার্থীরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। ছবি : সাজিদ হোসেন
সংঘর্ষের সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়লে শিক্ষার্থীরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। ছবি : সাজিদ হোসেন

উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) নামের একটি সংগঠনের ব্যানারে গত ২৬ এপ্রিল থেকে আন্দোলন করছেন। অন্য দাবিগুলো হলো মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে আলাদা বোর্ড গঠন, সরকারি-বেসরকারি কমিউনিটি ক্লিনিকগুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষানবিশকালীন চিকিৎসকদের ভাতা প্রদান।

ম্যাটসের আওতায় সরকারি আটটি ও বেসরকারি ২০৯টি প্রতিষ্ঠান রয়েছে। আজ সারা দেশ থেকে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে এ আন্দোলনে অংশ নেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে শিক্ষার্থীরা আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেয়। এ সময় সেখানেই পুলিশ তাঁদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক নারী পুলিশ কনস্টেবল আহত হন।

উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শুরু করে। দুপুরে শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শুরু করে। দুপুরে শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

এরপর শিক্ষার্থীরা বাধা পেরিয়ে জাতীয় জাদুঘরের সামনে এলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি ছোড়ে। শিক্ষার্থীরা এতে ক্ষুব্ধ হয়ে বারডেম হাসপাতালের সামনে বেশ কয়েকটি বাস, মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাব ভাঙচুর করেন। এ সময় নয়জন শিক্ষার্থীকে পুলিশের ভ্যানে করে নিয়ে যেতে দেখা গেছে। এরপর তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনের রাস্তা অবরোধ করেন। বিকেল চারটার দিকে সেখানেই সংবাদ ব্রিফিং করেন।

বিডিএমএসএর সভাপতি মুরাদ হোসেন দাবি করেন, ‘ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন। জনগণের জানমালের দুর্ভোগের কারণ আমরা হতে চাই না। এর জন্য শাহবাগের প্রশাসনই দায়ী। পুলিশ সহযোগিতামূলক আচরণ করেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে শাহবাগে আসার আগেই সাঁজোয়া বাহিনী পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জলকামান থেকে গরম পানি ছোড়ে।’ তিনি দাবি করেন, তাঁদের সংগঠনের শতাধিক শিক্ষার্থী আহত ও দুজনের পায়ে রাবার বুলেটের আঘাত লাগে।

এর আগে ম্যাটস শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল খন্দকার দাবি করেছিলেন, পুলিশের লাঠিপেটায় প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হয়েছেন। প্রায় ১৫০ শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

অান্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে পুলিশ। ছবি : ফোকাস বাংলা
অান্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে পুলিশ। ছবি : ফোকাস বাংলা

রমনা জোনের উপকমিশনার মো. মারুফ হোসেন বলেন, ‘আমরা একটি গুলিও ছুড়িনি। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর যেতে চাইছিলেন। কিন্তু সেটা ভিআইপি সড়ক হওয়ায় তাঁদের যেতে দেওয়া হয়নি। এরপর শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিতে চান। কিন্তু সেখানে দুটি বড় হাসপাতাল। রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সেখানেও তাঁদের বসতে দেওয়া হয়নি। এরপর তাঁরা ক্ষুব্ধ হয়ে গাড়ি ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমার কাঁদানে গ্যাসের শেল ও জলকামান থেকে গরম পানি ছুড়ি।’

কতজনকে আটক করা হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সঠিক সংখ্যাটি এখনই বলতে পারছি না।’
আরও পড়ুন...
শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, শাহবাগে অবরোধ