
ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, বাসে আগুন ও মারধরের ঘটনা ঘটেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে বোমা হামলার ঘটনায় করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ওরফে জুয়েলকে জড়ানোর প্রতিবাদে ছাত্রদল সারা দেশে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচিকে ঘিরে এসব সহিংসতা ঘটে। প্রথম আলোর মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধির পাঠানো খবর:
মানিকগঞ্জ: প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টার দিকে জেলা ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের কয়েক শ নেতা-কর্মী কলেজটির ক্যাম্পাসে মিছিল বের করেন। অপরদিকে কলেজ ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতা-কর্মী কলেজ ছাত্র সংসদের কার্যালয়ে অবস্থান নেন। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর চড়াও হন। এতে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার, কর্মী মেহেদী হাসান ও সৌরভ আহত হন।
ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে বের হয়ে শহরে আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হন। পরে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে কলেজে গিয়ে ছাত্রদলের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেন। পরে তাঁরা শহরে বিএনপির কার্যালয়ে হামলা চালান এবং আরেক দফা পোস্টার ছেঁড়েন। হামলার প্রতিবাদে বিএনপি-ছাত্রদল তাৎক্ষণিক সমাবেশ করে।
জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ বলেন, সমাবেশ চলার সময় ছাত্র সংসদের ভেতর থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করে কলেজ থেকে বের করে দেন।
জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালালে তাঁদের পাঁচ-সাতজন আহত হয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার একাংশের নেতা-কর্মীরা গতকাল মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে আগুন দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে সকাল ১০টার দিকে মিছিল বের করেন ছাত্রদলের সোহেল গ্রুপের নেতা-কর্মীরা। মিছিলটি প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর মিছিলকারীরা তিতাস পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেন। এ সময় মহাসড়কে আধা ঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। পুলিশ ছাত্রদলের তিনজন কর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আহসান হাবিব এবং বাংলা বিভাগের মনিরুজ্জামান সাগর ও ফারুক হোসেন।
নারায়ণগঞ্জ: শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল দুপুরে ছাত্রদলের মিছিলে পটকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পুলিশের বাধায় ২ নম্বর রেলগেট ঘুরে মণ্ডলপাড়ার দিকে যাওয়ার সময় সাত-আটটি পটকার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে নেতা-কর্মীরা ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমেঞ্চদ অভিযোগ করেন, ‘মিছিলে পেছন থেকে কে বা কারা পটকার বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানি না। আমাদের ধারণা, আওয়ামী লীগের এজেন্টরাই এই পটকা ফুটিয়েছে।’