সংঘর্ষ-আতঙ্কে অচল রাজশাহী
সাড়ে আট মণ শসা নিয়ে রাজশাহী নগরের সাহেব বাজারে বসেছিলেন মোশাররফ হোসেন (৩০)। ২০ টাকা কেজির শসা ১০ টাকা করে বিক্রি করছিলেন। তার পরও পড়ে আছে প্রায় সবই। মোশাররফ হোসেন জানান, কাঁচামাল ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে। তাই যে দামে পারছেন দিয়ে দিতে চাইছেন। কিন্তু খদ্দের পাচ্ছেন না।
এভাবেই ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার রাজশাহীর সবকিছুতেই অচলাবস্থা বিরাজ করে। সংঘর্ষের আশঙ্কায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল অনেক কম। রাস্তায় অল্প কিছু অটোরিকশা চলাচল করেছে। তবে তাদের সামনের কাচ খোলা ছিল। অটোরিকশার চালকেরা জানান, সামনের কাচ লাগাতে আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়। হরতালের সময় পিকেটাররা কাচ ভেঙে দেয়, এ আশঙ্কায় তাঁরা কাচ খুলে বের হয়েছেন।
নগরের শহীদ কামারুজ্জামান চত্বরে শহরতলির গ্রাম থেকে কাজের মানুষগুলো বেলা ১১টা পর্যন্ত বসেছিলেন। কেউ তাঁদের কাজে ডাকতে আসেনি। ১১টার পরে তাঁরা হতাশ হয়ে ফিরে যান।
গতকাল সকাল থেকেই রাজশাহীতে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ নিয়ে সকাল থেকেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে হরতালের সমর্থনে রাজশাহী নগর বিএনপি কাদিরগঞ্জ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি নগরের মালোপাড়ায় গিয়ে সমাবেশ করে। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা নগরের দড়িখরবোনা এলাকায় পিকেটিং করে দুটি অটোরিকশা ভাঙচুর করেন। পুলিশ গিয়ে তাঁদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে ছাত্রদল নেতা-কর্মীরাও পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হকসহ কয়েকজন নেতা আহত হন।
সকাল সাড়ে সাতটার দিকে জেলা বিএনপি রাজশাহী কলেজের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজের সামনে সমাবেশ করে। সমাবেশকালে ছাত্রদলের কর্মীরা তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। ওই সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে তাঁরা পুলিশের ওপর পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন।
বেলা একটার দিকে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি হরতালবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট থেকে ঘুরে আবার কুমারপাড়ার দিকে চলে আসে। তাদের দেখে আবার বিএনপি সোনাদিঘির মোড়ে মিছিল বের করে।
হরতালের প্রথম দিনে নগরের বোয়ালিয়া মডেল থানার পুলিশ ২০ জনকে আটক করে। গতকাল আরও তিনজনকে আটক করা হয়েছে। এ নিয়ে নগরে গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে চলে যাচ্ছেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আটক ব্যক্তিদের কাউকে হরতাল শেষ না হওয়া পর্যন্ত ছাড়া বা আদালতে সোপর্দ করা হবে না।
প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও রাজশাহী থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।