সংঘর্ষ এড়াতে হোস্টেল বন্ধ ঘোষণা
নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দুটি আবাসিক হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রছাত্রীদের কাল বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে হোস্টেল দুটি খালি করে দিতে বলা হয়েছে।
কলেজের উপাধ্যক্ষ বাপ্পা গৌতম আবাসিক হোস্টেল বন্ধ ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন। রাতে মুঠোফোনে তিনি বলেন, গত সোমবার কলেজ ক্যাম্পাসে মারামারির ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার তাঁদের প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। একই দিন এ নিয়ে একাডেমিক কাউন্সিলের নির্ধারিত বৈঠকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই এ নিয়ে ক্যাম্পাসে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আবাসিক হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে।
কলেজ বন্ধ না করে শুধু আবাসিক হোস্টেল বন্ধের কারণ জানতে চাইলে উপাধ্যক্ষ বলেন, নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলার কারণে কলেজ বন্ধ ঘোষণা করা হয়নি। তা ছাড়া আবাসিক হোস্টেল বন্ধ থাকলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকবে না, বাড়ি চলে যাবে। পরবর্তী সময়ে যখন পরিস্থিতি স্বাভাবিক মনে হবে, তখন হোস্টেল খুলে দেওয়া হবে।
গত সোমবার কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সন্ধানী ও মেডিসিন ক্লাবে ভেড়ানো নিয়ে পূর্ববিরোধের জের ধরে প্রথমে হাতাহাতি, পরে মারামারিতে লিপ্ত হয় উভয় ক্লাবের সদস্যরা। এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়। এ ঘটনা তদন্তে মঙ্গলবার তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাল বৃহস্পতিবার অধ্যক্ষের কাছে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।
কলেজ প্রশাসনের একাধিক সূত্রে জানা গেছে, গত সোমবারের সহিংস ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ নিয়ে যাতে নতুন করে সংঘাত না বাধে, তা এড়াতে এক দিন আগেই কলেজের আবাসিক হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে।