চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনা নিয়ে দুদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ এবং এক ছাত্রকে র্যাগিং করার অভিযোগে ৩১ জন শিক্ষার্থীকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই নোটিশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি ফলকে টাঙিয়ে দেওয়া হয়। ওই শিক্ষার্থীদের আগামী ৬ মার্চের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়ৃেছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৭ ও ২৮ জানুয়ারি এক শিক্ষিকার ক্লাস বর্জনকে কেন্দ্র করে দুদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।সংঘর্ষের ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের বদিউস ছালামকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বোর্ড অব ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই কারণ দর্শও নোটিশ দেওয়া হয়েছে।