সিলেট সার্কিট হাউসে গতকাল রাতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিয়ানীবাজার উপজেলায় রোববার রাতে ১৮ দলের অবরোধ কর্মসূচির প্রতিবাদে বের করা আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপির ব্যানার ছেঁড়ার ঘটনা নিয়ে সংঘর্ষে ১২ জন পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন।
চাঁদপুর শহরে গতকাল সোমবার অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সামনে ও প্রাতবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ এবং শেরপুর শহরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেট সার্কিট হাউসের সংরক্ষিত এলাকায় গতকাল সোমবার রাত সাতটার দিকে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মোটরসাইকেলে করে ১০-১৫ জন যুবক সার্কিট হাউসের সামনে যায়। চারজন দেয়াল টপকে সার্কিট হাউসের সংরক্ষিত এলাকায় ঢুকে পুরোনো ভবনের দিকে পাঁচটি ককটেল ছুড়ে মারে। চারটির বিস্ফোরণ ঘটলেও একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) মল্লিক আহসান উদ্দিনের নেতৃত্বে পুলিশ সেখানে পৌঁছার আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
বিয়ানীবাজার (সিলেট): রোববার দিবাগত রাত সাড়ে সাতটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে অবরোধ কর্মসূচির প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে শহীদ নাহিদ চত্বরে পৌঁছার পর দলের কয়েকজন কর্মী বিএনপির একটি ব্যানার ছিঁড়ে ফেলেন। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াত ও ছাত্রদলের নেতা-কর্মীরা চারখাই বাজারে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। তাঁদের স্থানীয় কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে বিএনপি-জামায়াতের সমর্থকদের ১২টি দোকানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পুলিশ ১২টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের পাঁচটি শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে মামলা করেছে।
চাঁদপুর: সকাল পৌনে ১০টার দিকে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা এলাকায় গাছ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) আমির জাফর বলেন, বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচজন এবং বিভিন্ন এলাকা থেকে আরও আটজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজেবি মোতায়েন করা হয়েছে। এদিকে রোববার রাতে শাহরাস্তি উপজেলায় চাঁদপুর-লাকসাম রেলপথে নাশকতার অভিযোগে জিআরপি থানায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে রেল কর্তৃপক্ষ। এই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন জানায়, বেলা সাড়ে ১১টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি, জামায়াত, শিবির ও ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীদের একটি মিছিল বিয়ানীবাজার উপজেলা পরিষদ চত্বরে ঢোকে। মিছিলটি উপজেলা নির্বাচন কার্যালয় হয়ে নির্বাহী কর্মকর্তার দপ্তর অতিক্রম করার সময় মিছিলের পেছন থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর লক্ষ্য করে ঢিল ছোড়েন পিকেটাররা। এতে ওই দপ্তরের অফিস সহকারী মো. ইকবাল হোসেন আহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। দুপুর ১২টার দিকে উপজেলা সদরের প্রাতবাজার এলাকায়ও দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ইউএনও অফিসের সামনে ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে বলেন, নির্বাচন কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেরপুর: সোমবার ভোরে শেরপুর জেলা শহরের গৌরীপুরের পৌর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। এতে বাসটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অবরোধকারীরা শহরের নওহাটা খোয়ারপাড় মোড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। শহরে ইজিবাইকসহ ছোট যান চলাচল করলেও জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার পথে বাস, ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ রয়েছে।