সংঘর্ষ, ককটেলের বিস্ফোরণ
১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল রোববার কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত-শিবিরের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন। সিলেটে জাতীয় পার্টির (জাপা) মনোনীত দুই প্রার্থীর বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ বিএনপির ২০ নেতা-কর্মী আহত হন।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: মনোহরগঞ্জের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে মিজানুর রহমান নামে স্থানীয় যুবলীগের এক কর্মীকে মারধর এবং তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। এ ঘটনা নিয়ে সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত-শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন। একপর্যায়ে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা নাথেরপেটুয়া বাজারে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
সকাল থেকেই দাউদকান্দির শহীদনগর এলাকায় সড়ক অবরোধ করেন ১৮ দলের নেতা-কর্মীরা। একপর্যায়ে পুলিশ তাঁদের লক্ষ্য করে ৭২টি রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল ও সাতটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
সিলেট: জাতীয় পার্টির (জাপা) মনোনীত দুই প্রার্থী বাবরুল হোসেন ও সাব্বির আহমদের বাসায় গতকাল ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাবরুল হোসেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ জাপার কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। দুজনকে যথাক্রমে সিলেট-১ (মহানগর-সদর) ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জাপার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ময়মনসিংহ: গতকাল দুপুরে অবরোধকারীরা ভালুকা ব্রিজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহম্মেদসহ সাতজন গুলিবিদ্ধসহ বিএনপির ২০ নেতা-কর্মী আহত হন। সংঘর্ষে ভালুকা মডেল থানার ওসি আবদুল মোতালেব মিয়াসহ পুলিশের তিন সদস্যও আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করে।
শেরপুর: গতকাল ভোরে জেলা সদরের শেখহাটি বাজারে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। এতে অটোরিকশার চালক গোপাল দে আহত হন। চৈতনখিলা বটতলা বাজারে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করেন।
মৌলভীবাজার: বড়লেখা উপজেলায় শনিবার দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রাতে বড়লেখা থানার পুলিশ ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে ওই মামলা করে। পুলিশ শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে।