সংঘর্ষ, কেন্দ্র দখল, জাল ভোট
নারায়ণগঞ্জের রূপগঞ্জ-আড়াইহাজারে গতকাল সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে সংঘর্ষ, কেন্দ্র দখল ও জাল ভোটের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। পোলিং এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন। বিএনপি আজ মঙ্গলবার আড়াইহাজার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থকেরা বুথে ঢুকে দরজা বন্ধ করে ব্যালট পেপারে সিল মারতে থাকেন। খবর পেয়ে বিএনপির সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান আকন্দের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া পুলিশের শটগানের গুলিতে আহত হন বিএনপির পাঁচজন সমর্থক। আধঘণ্টা বন্ধ থাকার পর কেন্দ্রটিতে আবার ভোট গ্রহণ শুরু হলেও ভোটাররা আসেননি।
সকাল সাড়ে নয়টার দিকে রূপগঞ্জের বরপায় হাজি নুরুদ্দিন উচ্চবিদ্যালয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেন আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা। অবশ্য প্রিসাইডিং কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ওই এজেন্টকে পরে ফেরত আনা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জের মুড়াপাড়ার মাহমুদাবাদ কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, একজন নারী পোলিং এজেন্ট নিজেই সিল মেরে বাক্সে ব্যালট পেপার ফেলছেন। এর কারণ জিজ্ঞেস করলে তিনি তোতলাতে থাকেন। প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি দেখেননি বলে জানান।
বেলা সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ চনপাড়া আল আমিন মডেল একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, এক যুবক মহিলা বুথে ঢুকে ব্যালট পেপার নিচ্ছেন। গণমাধ্যমকর্মীদের দেখে ব্যালট পেপার লুকিয়ে দ্রুত সরে পড়েন। পরে স্থানীয়রা জানান, ওই ব্যক্তির নাম আল আমিন। তিনি কায়েতপাড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বেলা পৌনে দুইটার দিকে রূপগঞ্জের তারাব এলাকায় ম্যাক্স সোয়েটার কারখানায় সংবাদ সমেঞ্চলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থিত প্রার্থী ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। তিনি অভিযোগ করেন, দাউদপুর ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্র ছাড়া ৯০ শতাংশ কেন্দ্রই দখল করে জাল ভোট দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান দাবি করেন, বিএনপির প্রার্থী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।