সংঘর্ষ-গুলি, জাল ভোট

>
- স্থানীয় সরকারের ১৩৩টি নির্বাচনে ভোট গ্রহণ
- ঘাটাইলে যুবদল নেতা নিহত
- চট্টগ্রামে আ. লীগ-সমর্থক কাউন্সিলর প্রার্থীর প্রকাশ্যে অস্ত্রের মহড়া
এখন নির্বাচন মানেই সংঘর্ষ এবং কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া। ভোট ছাড়া নির্বাচিত হওয়ার প্রবণতা ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকারের ১৩৩টি নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে অনেক এলাকায় কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পাল্টাপাল্টি ধাওয়াসহ নানা ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের ঘাটাইলে ভোটের আগের রাতে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে রাজনৈতিক কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদলের এক নেতা নিহত হয়েছেন।
১৩৩টি নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ৪৭টি এবং বিভিন্ন পদে উপনির্বাচন বা স্থগিত নির্বাচন ৭২টি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ১টি, পৌরসভা নির্বাচন ৪টি ও বিভিন্ন পদে উপনির্বাচন বা স্থগিত নির্বাচন ৭টি এবং খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের ১টি করে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘাটাইলে নিহত যুবদল নেতার নাম আবদুল মালেক। তিনি সাগরদিঘী ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং গুপ্তবৃন্দাবন গ্রামের নেছার আলীর ছেলে। এ ইউনিয়নে ভোট গ্রহণের সময় পাগারিয়া ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত তিনজনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী বলেছেন, সাগরদিঘী ইউনিয়নের গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। তারা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হেকমত সিকদারের পক্ষের লোক বলে অভিযোগ স্থানীয় ব্যক্তিদের। ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশ তাদের বাধা দেয়। খবর পেয়ে এলাকার অন্যান্য প্রার্থীর সমর্থকেরাও কেন্দ্রে যান। ত্রিমুখী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মালেক ঘটনাস্থলেই নিহত হন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, রাত সাড়ে তিনটার দিকে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার চেষ্টা চালানো হয়। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সালাউদ্দিনের নির্দেশে পুলিশ ১২টি গুলি বর্ষণ করে।
তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের দাবি, তাঁর কোনো সমর্থক ব্যালট ছিনতাই করতে যাননি।
জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা মো. সালাউদ্দিন মামলা করেছেন।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, জোর করে নির্বাচিত হওয়াটা এখন নিয়মে পরিণত হয়েছে। পরিবেশটা এখন এমন যে যাদের শক্তি আছে, তারাই নির্বাচন করতে পারবে। নির্বাচনে বিরোধী দল থাকলে সংঘর্ষ হচ্ছে, আবার না থাকলেও সরকারি দল নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছে। এই প্রবণতা আগামী জাতীয় নির্বাচনে আরও ভয়াবহ রূপ নিতে পারে।

চট্টগ্রামে সংঘর্ষ-গুলি
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের উপনির্বাচনে গতকাল গুলি, সংঘর্ষ, অস্ত্র নিয়ে মহড়া, ধাওয়া, পাল্টাপাল্টি ধাওয়া ও জাল ভোট—সবই ছিল। নগরের গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল হকের মৃত্যুর কারণে এখানে উপনির্বাচন হয়।
বেলা একটার দিকে পশ্চিম গোসাইলডাঙ্গার বেচাশাহ রোডে আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর পদপ্রার্থী বিবি মরিয়ম ও জাহাঙ্গীর আলম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সড়কেই বিবি মরিয়মের বাড়ি। তাঁর বাড়ির আঙিনায় চার যুবককে পিস্তল হাতে মহড়া দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে সংঘর্ষের সময় বেচাশাহ রোডে জাহাঙ্গীরের নির্বাচনী ক্যাম্প এবং ছয়-সাতটি দোকান ভাঙচুর করা হয়। এ সময় জুয়েল নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হন। জুয়েল কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীরের অনুসারী এবং তাঁর আত্মীয়। সংঘর্ষের সময় ১০-১২টি গুলির শব্দ শোনা যায়।
বাড়ির আঙিনায় অস্ত্রধারীদের অবস্থান করার বিষয়ে বিবি মরিয়ম প্রথম আলোকে বলেন, ‘আমার কার্ড প্রতিপক্ষের লোকজন গলায় ঝুলিয়ে অস্ত্র নিয়ে আমার আঙিনায় কি আসতে পারে না?’
আরেক কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, মরিয়মের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা করেছে।
চট্টগ্রামের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, ‘অস্ত্রসহ কাউকে দেখিনি। আমরা এসে ধাওয়া দিয়েছি। বেচাশাহ রোডে দুপুরে সামান্য সমস্যা হয়েছে। তবে সেটা ছোট ঘটনা।’
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ শেষে ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ফকরুল ইসলাম এবং বিএনপি সমর্থিত প্রার্থী আবুল মনছুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন।
কুমিল্লায় বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ এবং খোশবাস দক্ষিণ ইউনিয়নে গতকাল ভোট হয়েছে। এ ছাড়া উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট হয়েছে। এর মধ্যে শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের লগ্নসার পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ইউনিয়নের বাঁশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় গুলির আওয়াজ পাওয়া গেছে। এ ছাড়া শিয়ালোড়া গ্রামে বিএনপির কর্মী জুবায়ের আহমেদের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলমের অভিযোগ, ‘প্রকাশ্যে পুলিশি সহযোগিতায় লালমাই ও সদর দক্ষিণ উপজেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটকেন্দ্রে ঢুকে সিল মারেন। পথে পথে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেন।’
শিলমুড়ি উত্তর ইউনিয়নের জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে ব্যালটে সিল মারার অভিযোগ এবং ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। খোশবাস দক্ষিণ ইউনিয়নের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাধারণ ভোটাররা ব্যালট পেপার না পেয়ে বিক্ষোভ করেন। ভোটারদের অভিযোগ, পুলিশি পাহারায় ভোটকেন্দ্রের দোতলায় নৌকা প্রতীকে সিল মারছেন পার্শ্ববর্তী খোশবাস উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাহমুদ বলেন, ‘বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’
সুনামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
গতকাল সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদের উপনির্বাচনের ভোট গ্রহণ হয়। কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে একাধিক কেন্দ্রে। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে স্থগিত করা হয়েছে একটি কেন্দ্রের ভোট। কিছু কিছু কেন্দ্রে গিয়ে ভোটাররা জানতে পারেন, তাঁদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে।
বেলা তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন শহরের তেঘরিয়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এরপর বেলা সাড়ে তিনটায় একই অভিযোগে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন ভোট বর্জনের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, পৌর শহরের ২৩ কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক ছিলেন। এর মধ্যে দু-একটি কেন্দ্রে কিছু বিশৃঙ্খলা হয়েছে। কেন্দ্র দখলের চেষ্টা নিয়ে এসব ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণের সময় জাল ভোট দেওয়ার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। মোহনগঞ্জ থানার ওসি বলেন, আটক যুবকেরা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
শেরপুরের নকলায় উপজেলা পরিষদের নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন নির্বাচন বর্জন করেছেন। গতকাল এই উপজেলার ৬৩টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন টাঙ্গাইল, সখীপুর, শেরপুর, নেত্রকোনা, ও ফটিকছড়ি প্রতিনিধি এবং নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম, কুমিল্লা ও সুনামগঞ্জ]